বরিশালের কীর্তনখোলা নদীতে নোঙর করা বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উদ্ধারকারী জাহাজ ‘নির্ভীক’-এর সামনের ক্রেনের একটি অংশ ভেঙে পড়েছে। বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে নগরীর মুক্তিযোদ্ধা পার্ক সংলগ্ন বিআইডব্লিউটিএর ঘাটে এ দুর্ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।সংশ্লিষ্ট সূত্র জানায়, সাপ্তাহিক মহড়া ও পরিষ্কার-পরিচ্ছন্নতার অংশ হিসেবে সকালে জাহাজটির ক্রেন পরিচালনার কাজ চলছিল। ক্রেনটি ধীরে ধীরে নিচে নামানোর সময় হঠাৎ যান্ত্রিক ও কারিগরি ত্রুটির কারণে সামনের একটি অংশ ভেঙে পড়ে। এতে বিআইডব্লিউটিএর ড্রেজার বেইজের একটি বার্জ বা পন্টুনও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়।উদ্ধারকারী জাহাজ নির্ভীকের মাস্টার মো. আলমগীর হোসেন জানান, প্রতি সপ্তাহের মতো সেদিনও নিয়মিত কাজ চলছিল। ক্রেনটি নিচে নামানোর সময় কীভাবে কারিগরি ত্রুটি দেখা দিয়েছে, তা তাৎক্ষণিকভাবে বোঝা যায়নি। দুর্ঘটনার সময় জাহাজের এক কর্মী আতঙ্কে জ্ঞান হারান। পরে তিনি সুস্থ হন।জাহাজটির কমান্ডার আব্দুল্লাহ আল বাকী জানান, ভেঙে পড়া ক্রেন উদ্ধারে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য নারায়ণগঞ্জ থেকে বিআইডব্লিউটিএর আরেকটি উদ্ধারকারী জাহাজ ‘প্রত্যয়’ বরিশালের উদ্দেশে রওনা দিয়েছে।
বরিশাল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক সেলিম মিয়া জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দুর্ঘটনায় কোনো প্রাণহানি ঘটেনি।
এদিকে বরিশালের জেলা প্রশাসক মো. মামুন খন্দকার জানিয়েছেন, দুর্ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতি নির্ধারণে জেলা প্রশাসন এবং বিআইডব্লিউটিএ পৃথক তদন্ত কমিটি গঠন করবে।
২০১৩ সালে উদ্ধারকারী জাহাজ ‘নির্ভীক’ বরিশালের কীর্তনখোলা নদীর তীরে বিআইডব্লিউটিএর ঘাটে স্থানান্তর করা হয়। জাহাজটির উদ্ধার সক্ষমতা ২৫০ টন।
মন্তব্য করুন