শুক্রবার (১৩ নভেম্বর) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটির মৃত্যু হয়। এর আগে বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে নগরীর পশ্চিম খাসবাগ চারমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রাত সাড়ে ৩টার দিকে খাসবাগ এলাকা থেকে বালুভর্তি একটি ট্রাক সাতমাথার দিকে যাচ্ছিল। পথে পশ্চিম খাসবাগ চারমাথা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় ট্রাকটি রাস্তার পাশের একটি বসতবাড়িতে ঢুকে উল্টে পড়ে।
ঘটনার সময় বাড়িতে ঘুমিয়ে ছিলেন আশা বেগম ও তার মেয়ে সিনথিয়া। ট্রাকের ধাক্কায় তারা দুজনই আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে সিনথিয়ার মৃত্যু হয়।
দুর্ঘটনায় শিশুটির মা আশা বেগমও গুরুতর আহত হয়েছেন। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম জানান, দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ। দুর্ঘটনাকবলিত ট্রাকটিও জব্দ করে থানায় রাখা হয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মন্তব্য করুন