ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়ায় একটি কাভার্ডভ্যান বিকল হয়ে পড়ায় কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন দূরপাল্লার বাসযাত্রীসহ বিভিন্ন যানবাহনের চালক ও সহকারীরা।

শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে দাউদকান্দি এলাকায় মেঘনা-গোমতী সেতুর ঢালে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সেতুর ঢালে একটি কাভার্ডভ্যান বিকল হয়ে পড়লে মহাসড়কের কুমিল্লামুখী লেনে যান চলাচল ব্যাহত হয়। একপর্যায়ে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়ে গজারিয়ার অংশে প্রায় ১৩ কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে পড়ে। এতে ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকতে হয় যাত্রী ও পরিবহন শ্রমিকদের।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত যানজট কিছুটা কমেছে। তবে মহাসড়কে যানবাহন চলাচল এখনো ধীরগতিতে রয়েছে।

যানজটে আটকে পড়া বাসযাত্রী শাহাবুদ্দিন বলেন, ‘আমি ঢাকায় চাকরি করি। সরকারি ছুটির দিনে গ্রামের বাড়িতে বিভিন্ন কাজে যেতে হয়। কিন্তু মহাসড়কে যানজটের কারণে আমাদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। এ সমস্যার স্থায়ী সমাধান জরুরি।’

ট্রাকচালক সিরাজুল ইসলাম পিন্টু জানান, গজারিয়া উপজেলার জামালদী এলাকা থেকে তিনি যানজটে পড়েছেন। ভাটেরচর বাসস্ট্যান্ডে পৌঁছাতে তার প্রায় দেড় ঘণ্টা সময় লেগেছে।

অপর ট্রাকচালক শাকিল মিয়া বলেন, জামালদী এলাকা থেকে যানজটে আটকে পড়েছেন তিনি। আনারপুরা বাসস্ট্যান্ডে পৌঁছাতে প্রায় এক ঘণ্টা সময় লেগেছে।

এ বিষয়ে ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মনিরুজ্জামান বলেন, দাউদকান্দি এলাকায় মেঘনা-গোমতী সেতুর ঢালে একটি কাভার্ডভ্যান বিকল হয়ে পড়ায় যানজটের সৃষ্টি হয়েছে।

দীর্ঘ যানজটের কারণে মহাসড়কে চলাচলকারী যাত্রী ও পরিবহন চালকদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। যান চলাচল পুরোপুরি স্বাভাবিক করতে বিকল যানবাহন সরানো এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখা জরুরি হয়ে পড়েছে।