রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমের ব্যক্তিগত দায়ভার পুলিশ বাহিনী নেবে না বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী।
রোববার (১৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন, কোনো কর্মকর্তা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত হলে সেটি সম্পূর্ণ তার ব্যক্তিগত দায়। এর দায়ভার কোনোভাবেই পুলিশ বাহিনীর ওপর বর্তাবে না।
সিএমপি কমিশনার জানান, শনিবার রাষ্ট্রদ্রোহের মামলার এজাহার পাওয়ার পর আইন অনুযায়ী সরকারের পূর্বানুমোদন নেওয়া হয়। অনুমোদন পাওয়ার পর পাঁচলাইশ থানায় নিয়মিত মামলা রুজু করা হয়। এরপরই এসপি জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি সিএমপির স্পেশাল রেসপন্স ইউনিটের হেফাজতে রয়েছেন। মামলাটির তদন্তও এই ইউনিট পরিচালনা করবে। নিয়ম অনুযায়ী রোববারই তাকে আদালতে হাজির করা হবে।
পুলিশের ভেতরে এ ঘটনায় কোনো ধরনের মানসিক চাপ তৈরি হয়েছে কি না, এমন প্রশ্নে কমিশনার বলেন, এটি বাহিনীর চাপের বিষয় নয়; সংশ্লিষ্ট কর্মকর্তার ব্যক্তিগত দায়। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে কেউ জড়িত হলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মুঠোফোনে মিলেছে আওয়ামী লীগকে পুনর্বাসনের বার্তা
এর আগে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, এসপি জাহাঙ্গীরের দুটি মুঠোফোনের ফরেনসিক পরীক্ষায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগকে আগামী ডিসেম্বরের মধ্যে পুনর্বাসনের পরিকল্পনা-সংক্রান্ত বার্তা পাওয়া গেছে। এসব বার্তায় ‘জীবন বাজি রেখে’ মাঠে নামার কথাও উল্লেখ ছিল বলে জানান তিনি।
ডিআইজি বলেন, নির্ভরযোগ্য সূত্রে তথ্য পাওয়ার পর জাহাঙ্গীরের ব্যক্তিগত ও দাপ্তরিক মুঠোফোন জব্দ করে পুলিশ সদর দপ্তরের বিশেষ শাখায় (এসবি) পাঠানো হয়। ফরেনসিক পরীক্ষায় সংশ্লিষ্ট তথ্যের সত্যতা পাওয়ার পর অনুসন্ধান প্রতিবেদন তৈরি এবং মামলা করার প্রক্রিয়া শুরু হয়।
পুলিশের অভিযোগ, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগের পাশাপাশি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা নিয়েও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন জাহাঙ্গীর। এ ছাড়া আওয়ামী লীগ নেতাদের কাছে পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
শনিবার রাত সাড়ে ১০টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম চৌধুরী বাদী হয়ে পাঁচলাইশ থানায় রাষ্ট্রদ্রোহের মামলাটি করেন। নগরের অফিসার্স মেস থেকে গ্রেপ্তার করা হয় জাহাঙ্গীরকে।
২৮তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম ২০১০ সালের ১ ডিসেম্বর পুলিশ বাহিনীতে যোগ দেন।

মন্তব্য করুন