হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এ সময় ব্যাংকের ভেতরে একজন নিরাপত্তাকর্মী ঘুমিয়ে থাকলেও তিনি অক্ষত রয়েছেন। আগুনে ব্যাংকের ভেতরে কোনো ক্ষয়ক্ষতি না হলেও পুড়ে গেছে শাখাটির সামনের ডিজিটাল সাইনবোর্ড।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ২টার দিকে উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের ইমামবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রাতের আঁধারে এক ব্যক্তি ব্যাংকের সীমানাপ্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে। পরে ব্যাংকের সামনের ডিজিটাল সাইনবোর্ডে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। প্রায় দেড় মিনিট ধরে জ্বলতে থাকা আগুন একপর্যায়ে নিভে গেলে ওই ব্যক্তি আবারও সীমানাপ্রাচীর টপকে পালিয়ে যায়।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এ সময় ব্যাংকের ভেতরে ঘুমিয়ে থাকা নিরাপত্তাকর্মী হাফিজুর রহমানকে জাগিয়ে নিরাপদে বাইরে নিয়ে আসেন পুলিশ সদস্যরা।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন জানান, অগ্নিসংযোগের ঘটনায় ব্যাংকের ভেতরে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। শুধু সামনের ডিজিটাল সাইনবোর্ডটি পুড়ে গেছে।

তিনি আরও জানান, এ ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষের পক্ষ থেকে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। অগ্নিসংযোগের সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্তের বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারিতে রয়েছে।