আগামী বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সারা দেশে আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি ঘিরে জেলার পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সংবাদকর্মীদের সূত্রে জানা গেছে, গত রোববারের সহিংসতার পর গোপালগঞ্জের পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছিল। তবে মঙ্গলবার বিকেলে টুঙ্গিপাড়ার একটি খেলার মাঠ থেকে কয়েকজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনার প্রতিবাদে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও থানার সামনে জড়ো হন।
একপর্যায়ে মাইকে ঘোষণা দিয়ে লোকজনকে থানায় আসার আহ্বান জানানো হলে বিপুলসংখ্যক মানুষ সেখানে উপস্থিত হন। পরে থানায় প্রবেশের চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। বিক্ষুব্ধ লোকজন ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে।
এরপরও লোকজন থানার ভেতরে প্রবেশ করেন। এ সময় থানায় এবং বাইরে থাকা পুলিশের চারটি গাড়িতে আগুন দেওয়া হয়। পাশাপাশি সংসদ সদস্য এসএম জিলানীর বাড়িসহ তার পরিবারের স্বজনদের ১০ থেকে ১৫টি বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
টুঙ্গিপাড়ার নিলফা এলাকায় সড়কে গাছের গুঁড়ি ফেলে ব্যারিকেড তৈরি করা হয়। যৌথ বাহিনীর গাড়িও সেখানে বাধার মুখে পড়ে। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ছয়টি গাড়িতে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে।
এসব ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও টুঙ্গিপাড়া ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
বুধবার সকাল থেকে জেলা শহরের সড়কে রিকশা, ভ্যানসহ বিভিন্ন যানবাহন চলাচল করতে দেখা যায়। কিছু দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠানও খুলেছে। তবে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকলেও শিক্ষার্থীদের উপস্থিতি ছিল খুবই কম। সাধারণ মানুষের চলাচলেও সতর্কতা লক্ষ্য করা গেছে।
এদিকে, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিজিবি সদস্যদের কয়েকটি গাড়ি দেখা গেছে। কার্যালয়ের গেটে আনসার সদস্যদেরও দায়িত্ব পালন করতে দেখা যায়।
অন্যদিকে, রাতের আঁধারে সদর উপজেলার বৌলতলীতে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তবে এতে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। নিলফা এলাকায় আগুনে পুড়ে যাওয়া কয়েকটি গাড়িতেও বুধবার পর্যন্ত আগুন জ্বলতে দেখা গেছে।
স্থানীয় বাসিন্দাদের কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে জানান, সাম্প্রতিক সহিংসতার পর তারা আতঙ্কের মধ্যে রয়েছেন। আগামী বৃহস্পতিবারের কর্মসূচিকে ঘিরে কী পরিস্থিতি তৈরি হয়, তা নিয়ে উদ্বিগ্ন তারা।
এখন পর্যন্ত এসব ঘটনায় পুলিশ বা প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ক্ষতিগ্রস্তদের পক্ষ থেকেও মামলা দায়েরের তথ্য পাওয়া যায়নি বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

মন্তব্য করুন