ইউরোপে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালানোর সক্ষমতা রয়েছে ইরানের। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ মোজতবা হোসেইনি খামেনির নির্দেশ পেলে ভৌগোলিক সীমাবদ্ধতা ছাড়াই সামরিক অভিযান চালাতে পারবে তারা।
আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেবি বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা দিয়ে ইউরোপে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতেও হামলা চালানো সম্ভব।
তিনি জানান, প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনি ইরানের ক্ষেপণাস্ত্রের পাল্লা সর্বোচ্চ ২ হাজার কিলোমিটারের মধ্যে রাখার নির্দেশ দিয়েছিলেন। তবে নতুন সর্বোচ্চ নেতার নির্দেশ পেলে এ সীমাবদ্ধতা থাকবে না বলে দাবি করেন তিনি। তার ভাষ্য, ইরান এর আগে ৪ হাজার ৫০০ কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র সক্ষমতার প্রমাণ দিয়েছে।
এদিকে ইরানের বিরুদ্ধে ‘ডার্টি বোমা’ তৈরির প্রস্তুতির অভিযোগ নিয়ে সিএনএনের প্রতিবেদনেরও জবাব দিয়েছেন মোহেবি। তিনি অভিযোগগুলোকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের তৈরি মিথ্যা দাবি বলে উল্লেখ করেন।
যুক্তরাষ্ট্র ইরানের বাঁধে হামলা চালালে পাল্টা জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন আইআরজিসির এই মুখপাত্র।
তিনি আরও বলেন, বিশ্বের যেকোনো দেশে অবস্থিত সামরিক ঘাঁটি থেকে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে হামলা চালিয়েছে বলে প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট দেশও ইরানের লক্ষ্যবস্তু হবে।

মন্তব্য করুন