যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক ও সামুদ্রিক উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালী থেকে উত্তর ভারত মহাসাগর পর্যন্ত গুরুত্বপূর্ণ সমুদ্রপথের পূর্ণ নিয়ন্ত্রণ নিজেদের হাতে রয়েছে বলে দাবি করেছে ইরান। একই সঙ্গে এসব জলপথ দিয়ে চলাচলকারী জাহাজগুলোকে ইরানের সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বয় করে চলার পরামর্শ দিয়েছে তেহরান।

শনিবার (২৮ নভেম্বর) নৌবাহিনী দিবস উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এ দাবি জানান ইরানের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া। তিনি বলেন, পূর্ব হরমুজ প্রণালী থেকে উত্তর ভারত মহাসাগর পর্যন্ত বিস্তৃত সামুদ্রিক অঞ্চলে ইরানের নৌবাহিনী নিয়মিত নজরদারি চালাচ্ছে। এসব জলপথে নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে জাহাজগুলোকে ইরানি বাহিনীর সঙ্গে সমন্বয় করার আহ্বান জানান তিনি।

এদিকে ইরানের এই ঘোষণার আগে ওমান উপসাগরে একটি বাণিজ্যিক জাহাজ বিকল করে দেওয়ার দাবি করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম। তাদের দাবি, জাহাজটি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ অবরোধ এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিল।

অন্যদিকে চলতি সপ্তাহের শুরুতে ওমানের খাসাব বন্দরের কাছে দুটি তেলবাহী ট্যাংকার সামুদ্রিক মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হওয়ার খবর জানিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর।

এমন পরিস্থিতিতে হরমুজ প্রণালী ও আশপাশের জলপথে সামুদ্রিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। বাণিজ্যিক জাহাজে হামলা, মাইন বিস্ফোরণ এবং মার্কিন নৌ অবরোধের কারণে গুরুত্বপূর্ণ এই নৌপথে পণ্য পরিবহন ও আন্তর্জাতিক বাণিজ্য বড় ধরনের ঝুঁকির মুখে পড়েছে।