ছবি: -সংগৃহীত
বিশ্বকাপ ফুটবল ঘিরে উন্মাদনার ঢেউ এবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায়। প্রিয় দলের প্রতি ভালোবাসা থেকে নিজের বাড়িকে ব্রাজিলের রঙে সাজিয়ে ব্যতিক্রমী নজির গড়েছেন রুবেল মিয়া।
আখাউড়া উপজেলার ছতুরা-চান্দপুর গ্রামের এই ব্রাজিল সমর্থক প্রায় দেড় লাখ টাকা খরচ করে নিজের বাড়িকে রাঙিয়েছেন ব্রাজিলের পতাকার আদলে। বাড়ির দেয়াল ও সীমানা প্রাচীরে ফুটিয়ে তোলা হয়েছে ব্রাজিলের পতাকা, পাশাপাশি আঁকা হয়েছে দেশটির জনপ্রিয় ফুটবলারদের ছবিও।
এছাড়া বাড়ির কিছু অংশে বাংলাদেশের জাতীয় পতাকাও স্থান পেয়েছে। পুরো সাজসজ্জার কারণে স্থানীয়দের কাছে এখন বাড়িটি পরিচিত হয়ে উঠেছে ব্রাজিল বাড়ি নামে।
স্থানীয়দের মতে, এলাকায় এমন ব্যতিক্রমী বাড়ি আর নেই। তাই দূর-দূরান্ত থেকে ব্রাজিল সমর্থকসহ সাধারণ মানুষ বাড়িটি দেখতে ভিড় করছেন। প্রতিপক্ষ দলের সমর্থকরাও রুবেল মিয়ার এই উদ্যোগের প্রশংসা করছেন।
রুবেল মিয়া জানান, ছোটবেলা থেকেই তিনি ব্রাজিল দলের সমর্থক। সেই ভালোবাসা থেকেই তিনি বাড়িটিকে ব্রাজিলের রঙে রাঙানোর সিদ্ধান্ত নেন। প্রায় ১৬ দিন ধরে কাজ করে পুরো সাজসজ্জা শেষ পর্যায়ে নিয়ে এসেছেন তিনি।
তিনি আশা প্রকাশ করেন, তার প্রিয় দল ব্রাজিল এবার বিশ্বকাপে ভালো করবে এবং শিরোপা জিতবে। পাশাপাশি তিনি সবার কাছে ব্রাজিল দলের জন্য দোয়া কামনা করেছেন।