https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় প্রবাসীদের টার্গেট করে ছিনতাই, ডাকাতি ও প্রতারণা ঠেকাতে কাওলা থেকে উত্তরার জসিম উদ্দিন মোড় পর্যন্ত সড়ক সিসি ক্যামেরার আওতায় আনার উদ্যোগ নিয়েছে পুলিশ। এ এলাকায় প্রায় ১০০টি নতুন সিসি ক্যামেরা স্থাপন করা হবে।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম তালুকদার জানান, বর্তমানে এলাকায় ২৫টি সিসি ক্যামেরা চালু রয়েছে। থার্ড টার্মিনালের সামনের গোলচত্বর থেকে ক্রাউন প্লাজা, জসিম উদ্দিন মোড়, বিমানবন্দর স্টেশন, রেললাইন ও হজ ক্যাম্পসংলগ্ন এলাকা পর্যন্ত নতুন ক্যামেরা স্থাপনের কাজ চলছে।
পুলিশ বলছে, বিমানবন্দরকেন্দ্রিক এলাকায় প্রবাসীদের টার্গেট করে একাধিক অপরাধী চক্র সক্রিয় রয়েছে। এর মধ্যে ছিনতাইকারী, চালকবেশী ডাকাত ও অজ্ঞান পার্টির সদস্যরা রয়েছে। বিশেষ করে বিমানবন্দর থেকে বের হওয়ার পর যেসব প্রবাসীর নিতে স্বজন বা নির্ধারিত গাড়ি আসে না, তাদের কম ভাড়ার প্রস্তাব দিয়ে ফাঁদে ফেলার অভিযোগ রয়েছে।
অভিযোগ অনুযায়ী, কিছু চালক কম ভাড়ায় গন্তব্যে পৌঁছে দেওয়ার কথা বলে প্রবাসীদের গাড়িতে তুলে নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে তাদের মারধর করে টাকা-পয়সা ও মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেওয়ার পর রাস্তায় ফেলে দেওয়া হয়।
এ ছাড়া অজ্ঞান পার্টির সদস্যরা বিদেশফেরত ব্যক্তির বেশ ধরে প্রবাসীদের সঙ্গে সখ্য গড়ে তুলে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে সর্বস্ব লুট করে বলে অভিযোগ রয়েছে।
এপিবিএনের পক্ষ থেকেও বিমানবন্দরের বহিরাঙ্গনে পোশাকধারী ও সাদাপোশাকে নজরদারি জোরদার করা হয়েছে।