https://timenewsbangla.com

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->
বিশ্বকাপে টানা সর্বোচ্চ ম্যাচ অপরাজিত থাকার নতুন রেকর্ড গড়েছে নেদারল্যান্ডস। সুইডেনকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে ডাচরা পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের দীর্ঘদিনের রেকর্ড ভেঙেছে।
চলমান বিশ্বকাপে জাপানের সঙ্গে ২-২ গোলে ড্র করে নিজেদের অপরাজিত ম্যাচের সংখ্যা ১৩-তে নিয়ে গিয়ে ব্রাজিলের রেকর্ড স্পর্শ করেছিল নেদারল্যান্ডস। এরপর সুইডেনের বিপক্ষে বড় জয়ে টানা ১৪ ম্যাচ অপরাজিত থেকে রেকর্ডটি এককভাবে নিজেদের করে নিয়েছে রোনাল্ড কোম্যানের দল।
বিশ্বকাপে নেদারল্যান্ডস সর্বশেষ হেরেছিল ২০১০ সালের ফাইনালে। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত সেই আসরের শিরোপা নির্ধারণী ম্যাচে স্পেনের কাছে ১-০ গোলে পরাজিত হয়েছিল তারা। এরপর ২০১৪, ২০২২ এবং চলমান আসর মিলিয়ে বিশ্বকাপের মূল পর্বে নির্ধারিত সময়ে আর কোনো ম্যাচ হারেনি ডাচরা।
হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে নেদারল্যান্ডস। ব্রায়ান ব্রবি প্রথমার্ধে গোল করে দলকে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধে কোডি গাকপো জোড়া গোল করেন। এছাড়া ক্রিসেনসিও সামারভিলও গোলের খাতায় নাম লেখান। সুইডেনের হয়ে একমাত্র সান্ত্বনাসূচক গোলটি করেন অ্যান্টনি ইলাঙ্গা।
এই জয়ে ‘এফ’ গ্রুপে দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এসেছে নেদারল্যান্ডস। নকআউট পর্বে ওঠার পথেও অনেকটাই এগিয়ে গেছে তারা। সুইডেন দুই ম্যাচে তিন পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। এক পয়েন্ট নিয়ে জাপান তৃতীয় এবং শূন্য পয়েন্ট নিয়ে তিউনিসিয়া গ্রুপের তলানিতে অবস্থান করছে।