বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনার প্রতি নিজের সমর্থনের কথা নতুন করে জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছেন ঢাকাই সিনেমার অভিনেত্রী পরীমনি। সেমিফাইনালের আগে আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে আবার বিয়ে করবেন বলে মজার ছলে ঘোষণা দেন তিনি। পরে ইংল্যান্ডকে হারিয়ে আর্জেন্টিনা ফাইনালে উঠতেই আরেকটি রসিক পোস্ট করে আবারও ভাইরাল হন।
সেমিফাইনাল শুরুর আগে নিজের ফেসবুক পেজে পরীমনি লেখেন, ‘আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবার একটা বিয়া করব। ফাইনাল।’ পোস্টটি প্রকাশের পরপরই ব্যাপক সাড়া পড়ে। এতে লাখো প্রতিক্রিয়া, হাজারো মন্তব্য ও শেয়ার হয়।
ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে আর্জেন্টিনা ফাইনাল নিশ্চিত করার পর আবারও ফেসবুকে পোস্ট দেন তিনি। টেলিভিশনের পর্দায় ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনের ছবি প্রকাশ করে লেখেন, ‘পারলে না তুমি আমার বিয়েটা ঠেকাতে!’ এই পোস্টটিও অল্প সময়ের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
চলতি বিশ্বকাপজুড়েই আর্জেন্টিনার সমর্থনে সরব ছিলেন পরীমনি। দলের প্রতিটি জয় উদ্যাপন করেছেন তিনি। সম্প্রতি আর্জেন্টিনার আকাশি-সাদা জার্সি পরে একটি ভিডিওও প্রকাশ করেন, যেখানে জার্সির সামনে ছিল ‘মেসি ১০’ এবং পেছনে লেখা ছিল ‘পরী’। ভিডিওটিতে আর্জেন্টিনার ফুটবলারদের নাম নিয়ে তৈরি একটি গানের সঙ্গে বিভিন্ন খেলোয়াড়ের উদ্যাপনের ভঙ্গি অনুকরণ করেন তিনি, যা ভক্তদের প্রশংসা কুড়ায়।
পরীমনির ব্যক্তিজীবনে একাধিক বিয়ের বিষয়টি আগে থেকেই আলোচিত। সর্বশেষ ২০২১ সালে অভিনেতা শরীফুল রাজকে বিয়ে করেন তিনি। পরে তাঁদের সংসারে এক পুত্রসন্তানের জন্ম হয়। ২০২৩ সালে তাঁদের বিচ্ছেদ ঘটে। তবে ‘আবার বিয়ে’ নিয়ে দেওয়া সাম্প্রতিক পোস্টটিকে অধিকাংশ ভক্তই নিছক রসিকতা হিসেবেই দেখছেন।
এদিকে ইংল্যান্ডকে হারিয়ে আর্জেন্টিনা বিশ্বকাপের ফাইনালে উঠেছে। আগামী ১৯ জুলাই শিরোপা নির্ধারণী ম্যাচে স্পেনের মুখোমুখি হবে লিওনেল মেসির দল।

মন্তব্য করুন