https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে গণঅভ্যুত্থান-পরবর্তী জনগণের প্রত্যাশা অনুযায়ী আরও জনবান্ধব ও সেবামুখী হিসেবে গড়ে তুলতে ‘পুরস্কার ও তিরস্কার’ নীতি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার (২৬ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা সনদ ও আর্থিক পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, সততা, সাহসিকতা ও দেশপ্রেমের সঙ্গে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের যথাযথভাবে পুরস্কৃত করা হবে। অন্যদিকে, আইন-বিধি লঙ্ঘন বা জনসেবায় ব্যাঘাত সৃষ্টি করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে উদ্ধার হওয়া ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) কোনো ধর্মীয় উৎসবকে লক্ষ্য করে রাখা হয়েছিল—এমন তথ্যের ভিত্তি নেই। বিষয়টি কাকতালীয় হতে পারে এবং ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট সেটি নিরাপদে নিষ্ক্রিয় করেছে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে।
সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ ও নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, সংবিধান অনুযায়ী স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা ও গ্রহণের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। দায়িত্ব পালনকালীন সাংবিধানিক ইমিউনিটি বহাল থাকবে এবং আইন অনুযায়ী তাকে এসএসএফ, প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর) ও পুলিশের সমন্বয়ে নিরাপত্তা দেওয়া হচ্ছে।
এ বছরের পুলিশ সপ্তাহে পদক প্রদান বিলম্বিত হওয়ার কারণ ব্যাখ্যা করে মন্ত্রী বলেন, প্রাথমিক তালিকায় কিছু কারিগরি ত্রুটি ও অনিয়ম ধরা পড়ায় তা পুনঃযাচাই করা হচ্ছে। যাচাই শেষে যোগ্য পুলিশ সদস্যদের বিশুদ্ধ তালিকা অনুযায়ী পদক প্রদান করা হবে।
অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির, ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিন সাহসিকতা ও কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ মোট নয়জন পুলিশ সদস্যকে সম্মাননা ও আর্থিক পুরস্কার দেওয়া হয়। এর মধ্যে জাতীয় জরুরি সেবা ৯৯৯ ও ঢাকা রেলওয়ে থানার যৌথ উদ্যোগে মাত্র ৩০ মিনিটের মধ্যে এক প্রবাসীর হারিয়ে যাওয়া পাসপোর্ট ও গুরুত্বপূর্ণ কাগজপত্র উদ্ধারকারী সাতজন এবং ছিনতাইকারী গ্রেপ্তারে ভূমিকা রাখা ডিএমপির ট্রাফিক বিভাগের দুই সার্জেন্ট পুরস্কৃত হন।