https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যা ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করেছে প্রসিকিউশন।
রোববার (২৬ জুলাই) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে অভিযোগপত্র জমা দেওয়া হয়। মামলাটি ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে শুনানির জন্য উপস্থাপন করা হবে।
প্রসিকিউটর তারেক আবদুল্লাহ জানান, একরামুল হক হত্যার ঘটনায় দীর্ঘ তদন্ত শেষে তদন্ত সংস্থা তাদের প্রতিবেদন চিফ প্রসিকিউটরের কার্যালয়ে জমা দেয়। যাচাই-বাছাই শেষে সেই প্রতিবেদনের ভিত্তিতে ফরমাল চার্জ দাখিল করা হয়েছে। তবে ১১ আসামির সবার নাম এখনও প্রকাশ করা হয়নি।
২০১৮ সালের ২৬ মে রাতে কক্সবাজারের টেকনাফে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন একরামুল হক। তিনি টেকনাফ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং উপজেলা যুবলীগের সভাপতি ছিলেন।
ঘটনার পর একরামুলের মেয়ের কান্নাভেজা অডিও—‘আব্বু, তুমি কান্না করতেছ যে…’—সামাজিক যোগাযোগমাধ্যম ও দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়।