https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
হংকংয়ের ব্যস্ত রাজপথ, ঝলমলে নিয়ন আলো আর শহরের নান্দনিক আবহে ভিন্ন এক রূপে ধরা দিয়েছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। স্বামী ও নির্মাতা আদনান আল রাজীবের সঙ্গে তোলা একগুচ্ছ ছবিতে তাদের দেখা গেছে সিনেমাটিক আবহে।
সম্প্রতি হংকং সফরে গিয়ে ছবিগুলো তোলেন এই তারকা দম্পতি। মেহজাবীনের পরনে ছিল ঐতিহ্যবাহী চীনা পোশাক ‘চিওংসাম’। অন্যদিকে সাদা শার্ট, ঢিলেঢালা কালো টাই, ট্রাউজার ও কাঁধে কোট নিয়ে রেট্রো সাজে ধরা দেন আদনান।
হংকংয়ের রাতের শহর, লাল মিনিবাস, রেট্রো টেলিফোন বুথ ও চায়নিজ খাবারের আবহে তাদের বেশ কিছু রোম্যান্টিক মুহূর্ত ক্যামেরাবন্দি হয়েছে। কখনো পাশাপাশি হাঁটতে, আবার কখনো একে অপরের দিকে তাকিয়ে থাকতে দেখা গেছে তাদের।
মেহজাবীন নিজের ফেসবুক পেজে ছবিগুলো প্রকাশ করে কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা ওং কার-ওয়াইয়ের ‘ইন দ্য মুড ফর লাভ’ সিনেমার কথা স্মরণ করেছেন। ছবির সঙ্গে তিনি লিখেছেন, ‘ইন দ্য মুড ফর লাভ, সামহোয়ার ইনসাইড ওং কার-ওয়াইস ওয়ার্ল্ড।’ পোস্টে সিনেমাটির জনপ্রিয় ‘ইয়ুমেজি’স থিম’ সংগীতও যুক্ত করেছেন অভিনেত্রী।
হংকংয়ের এক ফটোগ্রাফারের ক্যামেরায় ধারণ করা ছবিগুলো প্রকাশের পর মেহজাবীন-আদনানের এই ভিন্নধর্মী উপস্থাপনার প্রশংসা করেছেন নেটিজেনরা। অনেকের চোখে তাদের ছবিগুলো হয়ে উঠেছে সিনেমার দৃশ্যের মতোই নান্দনিক।