https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের নতুন করে যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির সেনাবাহিনীর সেন্ট্রাল মিলিটারি কমান্ডের উপপ্রধান মোহাম্মদ জাফর আসাদী।
সম্প্রতি দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের ‘পূর্ণ আত্মসমর্পণ’ চায়, কিন্তু ইরান কখনো তা মেনে নেবে না। তাঁর ভাষায়, “আত্মসমর্পণ ছাড়া যুদ্ধ অত্যাসন্ন।”
গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত তীব্র আকার ধারণ করে। প্রায় ৪০ দিন ধরে চলা সংঘাত পাকিস্তানের মধ্যস্থতায় থেমে গেলে ৮ এপ্রিল দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয় এবং পরবর্তী সময়ে আলোচনায় বসে।
তবে সাম্প্রতিক সময়ে সেই আলোচনা স্থবির হয়ে পড়ায় আবারও উত্তেজনা বাড়ছে। এর মধ্যেই ইরানি কমান্ডারের এমন মন্তব্য নতুন করে যুদ্ধের শঙ্কা উসকে দিয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, ইরানের সঙ্গে একটি কার্যকর চুক্তিতে পৌঁছাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছেন। চুক্তির মূল লক্ষ্য হচ্ছে ইরানকে পরমাণু অস্ত্র অর্জন থেকে বিরত রাখা।
তবে আলোচনায় অগ্রগতি না হলে যুক্তরাষ্ট্র পুনরায় সামরিক পদক্ষেপ নিতে প্রস্তুত বলেও জানান হেগসেথ। তাঁর দাবি, সম্ভাব্য যেকোনো অভিযানের জন্য প্রয়োজনীয় অস্ত্র, গোলাবারুদ ও সামরিক সক্ষমতা যুক্তরাষ্ট্রের হাতে পর্যাপ্ত রয়েছে।