https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
নারী এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের কাছে ৪০ রানে হেরে ফাইনালে ওঠার স্বপ্ন শেষ হয়েছে বাংলাদেশের। চারটি ক্যাচ মিসের পাশাপাশি ব্যাটিং ব্যর্থতায় বড় লক্ষ্য তাড়া করতে পারেনি নিগার সুলতানা জ্যোতির দল।
দুবাইয়ে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। শুরুতেই স্মৃতি মান্ধানাকে ফিরিয়ে দেন সুলতানা খাতুন। তবে এরপর শেফালি ভার্মার ৬৪ রানের দুর্দান্ত ইনিংসে ঘুরে দাঁড়ায় ভারত। প্রতিকা রাওয়াল ২০, রিচা ঘোষ ২১ ও দিপ্তি শর্মা ১৩ রান করেন। হারমনপ্রিত অপরাজিত থাকেন ২৮ রানে।
নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪৯ রান সংগ্রহ করে ভারত। বাংলাদেশের হয়ে সুলতানা খাতুন ৩০ রানে দুটি উইকেট নেন। মারুফা আক্তার, নাহিদা আক্তার ও রাবেয়া খান নেন একটি করে উইকেট।
ফাইনালে যেতে বাংলাদেশকে করতে হতো ১৫০ রান। কিন্তু শুরু থেকেই মন্থর ব্যাটিংয়ে চাপে পড়ে দলটি। পাওয়ার প্লের শেষ ওভারে ২৬ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। জুয়াইরিয়া ফেরদৌস ১৮ বলে ১৪ রান করে ফেরেন। এরপর দিলারা আক্তার ২৬ বলে ২১ রান করে আউট হন।
অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও সোবহানা মোস্তারি ইনিংস মেরামতের চেষ্টা করলেও সফল হননি। সোবহানা ২৪ বলে ১৮ এবং জ্যোতি ১৭ বলে ১৯ রান করেন। শেষ দিকে স্বর্ণা আক্তারের ২২ ও ফাহিমার ১৪ রান শুধু হারের ব্যবধান কমিয়েছে।
২০ ওভারে ৭ উইকেটে ১০৯ রানেই থামে বাংলাদেশের ইনিংস। ভারতের হয়ে দিপ্তি শর্মা সর্বোচ্চ তিন উইকেট নিয়ে দলকে ফাইনালে তোলেন। ৪০ রানের জয়ে বাংলাদেশের এশিয়া কাপ অভিযানও শেষ হয়।