https://timenewsbangla.com

ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনে সদস্য দেশগুলোর সর্বসম্মতিক্রমে ‘নয়াদিল্লি ঘোষণাপত্র’ গৃহীত হয়েছে। ঘোষণাপত্রে যুদ্ধ ও সামরিক পদক্ষেপের নিন্দা, জাতিসংঘ নিরাপত্তা পরিষদসহ আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর সংস্কার এবং সদস্য দেশগুলোর নিজস্ব মুদ্রায় বাণিজ্য পরিচালনার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সম্মেলনের সমাপনী পর্বে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যৌথ ঘোষণাপত্রটি উন্মোচন করেন।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান সামরিক আগ্রাসনের প্রেক্ষাপটে আন্তর্জাতিক জলসীমায় নাবিকদের নিরাপত্তা এবং বাণিজ্যিক নৌচলাচল নির্বিঘ্ন রাখার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে ঘোষণায়।
এতে ডলারের ওপর নির্ভরতা কমিয়ে ব্রিকস সদস্য দেশগুলোর মধ্যে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বাণিজ্যে নিজস্ব মুদ্রার ব্যবহার বাড়ানোর আহ্বান জানানো হয়।
সমাপনী বক্তব্যে মোদি বলেন, পরিবর্তনশীল বিশ্বকে সেকেলে প্রতিষ্ঠান দিয়ে পরিচালনা করা সম্ভব নয়। বিশ্বব্যাপী প্রতিনিধিত্ব, জবাবদিহি ও নীতি নির্ধারণে প্রাতিষ্ঠানিক সংস্কার এখন অপরিহার্য।
তিনি আরও বলেন, ভবিষ্যৎ প্রযুক্তির উন্নয়ন ও পরিচালনার নীতিমালা তৈরিতে উন্নয়নশীল বিশ্বের সমান অংশীদারত্ব নিশ্চিত করতে হবে।
সম্মেলনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংসহ ব্রিকসের সদস্য দেশগুলোর শীর্ষ নেতারা অংশ নেন।