https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের সংঘর্ষে নারীসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন। আহতদের মধ্যে মাইক্রোবাসের চালকসহ দুজনের অবস্থা আশঙ্কাজনক।
শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কলেজ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শাহ আমানত সেতু পার হয়ে আসা একটি কাভার্ডভ্যান দ্রুতগতিতে কলেজ বাজার এলাকায় ইউটার্ন নেওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসকে ধাক্কা দেয়। মাইক্রোবাসটি উখিয়া থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল।
সংঘর্ষে মাইক্রোবাসের কয়েকজন যাত্রী গুরুতর আহত হন। ঘটনাস্থলেই নারীসহ দুজনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহত আটজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
পুলিশ জানিয়েছে, আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের অবস্থা বিবেচনায় দুর্ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ। কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর আহমেদ দুর্ঘটনায় দুজন নিহত ও আটজন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।