https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে তিনি সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার পাশাপাশি বিশ্বনেতাদের সঙ্গে একাধিক দ্বিপক্ষীয় ও সাইডলাইন বৈঠকে অংশ নেবেন।
রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
তিনি বলেন, প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নতুন ভিশন ও অগ্রাধিকারগুলো বিশ্বমঞ্চে তুলে ধরবেন। একই সঙ্গে দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিশ্বনেতাদের সঙ্গে আলোচনা করবেন।
প্রতিমন্ত্রী জানান, সফরকালে একাধিক গুরুত্বপূর্ণ সাইডলাইন বৈঠক অনুষ্ঠিত হবে। এসব বৈঠকের সময়সূচি ও অংশগ্রহণকারীদের অনেক বিষয় শেষ মুহূর্তে চূড়ান্ত হয়।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হবে কি না—এ বিষয়ে হুমায়ুন কবির বলেন, ট্রাম্প প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার আগ্রহ প্রকাশ করেছেন। তবে কার কার সঙ্গে বৈঠক হবে, তা প্রধানমন্ত্রীর সফরের সময় চূড়ান্তভাবে জানানো হবে।
সফরে রোহিঙ্গা সংকটকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠকগুলোতে রোহিঙ্গা সংকটের সমাধান এবং এ বিষয়ে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হবে।