https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
অনলাইনে জুয়া খেলতে গিয়ে প্রায় ১৫ লাখ টাকা হারানোর পর ব্যতিক্রমীভাবে জুয়া ছাড়ার শপথ নিয়েছেন খাগড়াছড়ির রামগড়ের যুবক মো. সজিব (২৫)। প্রকাশ্যে প্রায় ১০ লিটার দুধ দিয়ে গোসল করে সব ধরনের জুয়া থেকে দূরে থাকার প্রতিজ্ঞা করেন তিনি।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে রামগড় ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে। পরে দুধ দিয়ে গোসলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি স্থানীয়দের মধ্যে আলোচনার জন্ম দেয়।
সজিব রামগড় উপজেলার লামকুপাড়া গ্রামের নুরুন নবীর ছেলে। তিনি পেশায় ক্ষুদ্র ব্যবসায়ী। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ইউনিয়ন পরিষদের সামনে বসে নিজের শরীরে দুধ ঢেলে গোসল করছেন তিনি। এ সময় জুয়ার কারণে নিজের সংসার ও আর্থিক অবস্থা নষ্ট হওয়ার কথা জানান সজিব। জুয়ার পেছনে প্রায় ১৫ লাখ টাকা হারিয়ে বর্তমানে নিঃস্ব বলেও দাবি করেন তিনি।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে অনলাইনসহ বিভিন্ন ধরনের জুয়ার সঙ্গে যুক্ত ছিলেন সজিব। একের পর এক অর্থ খরচ করতে গিয়ে তার সঞ্চয় ও সম্পদ শেষ হয়ে যায়। পরে চরম আর্থিক সংকটে পড়ে নিজের ভুল বুঝতে পারেন তিনি।
রামগড় ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল হুদা বলেন, জুয়ার কারণে সজিব অনেক কিছু হারিয়েছেন। ভুল বুঝে তিনি এ পথ থেকে ফিরে আসার প্রতিজ্ঞা করেছেন। এখন প্রতিজ্ঞা অনুযায়ী জুয়া ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারলেই সেটি তার ও পরিবারের জন্য ভালো হবে।
রামগড় থানার ওসি মো. নাজির আলম বলেন, সরাসরি হোক বা অনলাইনে—জুয়া সম্পূর্ণ অবৈধ। জুয়া বন্ধে পুলিশের অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।