ঢাকা
১৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম

চোর সন্দেহে পিঠে ইট চাপিয়ে নির্যাতন, প্রাণ গেল যুবকের

জেলা প্রতিনিধি
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬   ৭ বার পঠিত
চোর সন্দেহে পিঠে ইট চাপিয়ে নির্যাতন, প্রাণ গেল যুবকের

ছবি: -সংগৃহীত

কক্সবাজারের মহেশখালীতে চোর সন্দেহে মো. ফয়সাল (২৬) নামে এক যুবককে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে মারধরের পর পিঠে ইট চাপিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে বড় মহেশখালী ইউনিয়নের পূর্ব ফকিরাঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফয়সাল ওই এলাকার বাদশা মিয়ার ছেলে।

স্থানীয়দের ভাষ্য, ভোরে কেফায়েত উল্লাহর বাড়িতে চুরি করতে ঢোকার অভিযোগে ফয়সালকে আটক করা হয়। পরে তাকে রাস্তার পাশে একটি বিদ্যুতের খুঁটিতে বেঁধে মারধর করা হয়। একপর্যায়ে তার পিঠের ওপর কয়েকটি ইট রাখা হয়। গুরুতর অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাকে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে ফয়সালকে বেঁধে নির্যাতনের দৃশ্য দেখা যায়। এ ঘটনায় জড়িত সন্দেহে রিফাত মুহাম্মদ ত্বকি নামে একজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

তবে নিহতের বাবা বাদশা মিয়ার দাবি, তার ছেলে দিনমজুর ছিলেন। চোর সন্দেহে প্রকাশ্যে বেঁধে এভাবে নির্যাতন করে তাকে হত্যা করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন তিনি।

বড় মহেশখালী ইউনিয়ন পরিষদের সদস্য আলী আকবরের দাবি, ফয়সালের বিরুদ্ধে এলাকায় চুরির অভিযোগ ছিল। তবে চুরির অভিযোগ থাকলেও এভাবে নির্যাতন করে হত্যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে জানান তিনি।

খবর পেয়ে পুলিশ স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে মরদেহের সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠিয়েছে। মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুস সুলতান জানান, নির্যাতনের ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। আটক রিফাত মুহাম্মদ ত্বকির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930