বলিউড অভিনেত্রী তাপসী পান্নু জানিয়েছেন, ক্যারিয়ারের এক পর্যায়ে সিনেমার শুটিংয়ের জন্য শিডিউল দেওয়ার পরও তাকে চলচ্চিত্র থেকে বাদ দেওয়া হয়েছিল। কারণ হিসেবে তাকে বলা হয়েছিল, ছবিটির নায়কের স্ত্রী তাকে পছন্দ করেন না।

সম্প্রতি ভারতীয় একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তাপসী এই অভিজ্ঞতার কথা জানান। তিনি বলেন, একটি সিনেমায় তার সঙ্গে কথাবার্তা চূড়ান্ত হওয়ার পাশাপাশি শুটিংয়ের তারিখও দেওয়া হয়েছিল। পরে হঠাৎ তাকে জানানো হয়, তিনি আর ছবিটিতে থাকছেন না।

তাপসীর ভাষ্য অনুযায়ী, আরেকটি সিনেমায় মূল অভিনেতা নিজেই তাকে না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে কেন তাকে বাদ দেওয়া হয়েছিল, সে বিষয়ে তাকে কোনো স্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়নি। অভিনেত্রীর ধারণা, এর পেছনে ওই অভিনেতার ব্যক্তিগত নিরাপত্তাহীনতা বা পরিচিত কাউকে নেওয়ার ইচ্ছা থাকতে পারে।

বলিউডের প্রচলিত ধারা নিয়েও কথা বলেন তাপসী। তার মতে, অনেক সময় অভিনেতা-অভিনেত্রীদের নির্দিষ্ট ধরনের চরিত্রের জন্য একটি ছকের মধ্যে রাখা হয়। গল্প বা চরিত্রে নতুনত্ব না থাকলে তিনি কাজ ফিরিয়ে দিতেও দ্বিধা করেন না।

‘পিঙ্ক’, ‘থাপ্পড়’ ও ‘হাসীন দিলরুবা’র মতো সিনেমায় ভিন্নধর্মী চরিত্রে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পেয়েছেন তাপসী।