নিজের বাড়িতেই সেলুন ও স্পা সেন্টার চালুর উদ্যোগ, আর তাতেই আইনি জটিলতায় বলিউড তারকা অজয় দেবগন। মুম্বাইয়ের জুহুতে অবস্থিত তার আবাসিক বাংলোয় অনুমতি ছাড়া বাণিজ্যিক কার্যক্রম শুরুর অভিযোগে কাজ বন্ধের নোটিশ দিয়েছে স্থানীয় পৌর সংস্থা।
স্থানীয় একটি কো-অপারেটিভ হাউজিং সোসাইটির লিখিত অভিযোগের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে। অভিযোগ, আবাসিক ভবনটিকে বাণিজ্যিক কাজে ব্যবহারের জন্য প্রয়োজনীয় পূর্বানুমোদন নেওয়া হয়নি। বিষয়টি খতিয়ে দেখতে গিয়ে পৌর কর্মকর্তারা প্রয়োজনীয় নথিপত্র ও অনুমতিপত্র দেখতে চাইলে অজয় দেবগনের প্রতিনিধিরা তা দেখাতে পারেননি। এরপরই সংশ্লিষ্ট কাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়।
জানা গেছে, প্রয়োজনীয় কাগজপত্র ও অনুমোদনের প্রক্রিয়া সম্পন্ন করতে অজয় দেবগনের পরিবারের পক্ষ থেকে কর্তৃপক্ষের কাছে এক মাস সময় চাওয়া হয়েছে।
অন্যদিকে, আবাসিক এলাকায় সেলুন ও স্পা সেন্টার চালুর উদ্যোগ নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছে। তাদের অভিযোগ, এ ধরনের বাণিজ্যিক কার্যক্রম শুরু হলে এলাকায় মানুষের আনাগোনা উল্লেখযোগ্যভাবে বাড়বে। পাশাপাশি গাড়ি পার্কিং, নিরাপত্তা এবং শব্দদূষণ নিয়েও সমস্যা তৈরি হতে পারে।
বিশেষ করে জুহুর ওই এলাকার অভ্যন্তরীণ রাস্তাগুলো তুলনামূলক সরু হওয়ায় অতিরিক্ত যানবাহনের চাপ পরিস্থিতিকে আরও জটিল করতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।
তবে অজয় দেবগনের পরিবারের ঘনিষ্ঠ সূত্রের দাবি, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া ও অনুমতি মেনেই কার্যক্রম শুরুর উদ্যোগ নেওয়া হয়েছিল। ফলে বিষয়টি নিয়ে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে বলেও তাদের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে।
এর আগে পান মসলা ব্র্যান্ডের বিজ্ঞাপনে অংশ নেওয়া নিয়ে অজয় দেবগন, শাহরুখ খান ও টাইগার শ্রফকে ঘিরে আইনি বিতর্ক তৈরি হয়েছিল। সেই আলোচনা পুরোপুরি থামার আগেই এবার নিজের আবাসিক বাংলোয় বাণিজ্যিক কার্যক্রমের অভিযোগে পৌরসভার নোটিশ পেলেন অজয় দেবগন।

মন্তব্য করুন