এক যুগেরও বেশি সময় পর আবারও একসঙ্গে দেখা যাবে বলিউডের দুই তারকা অমিতাভ বচ্চন ও মাধুরী দীক্ষিতকে। তবে এবার সিনেমায় নয়, টেলিভিশনের জনপ্রিয় কুইজ শো ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’-এর বিশেষ পর্বে হাজির হবেন তারা।
মাধুরী তার মারাঠি কুইজ শো ‘কৌন হুনের ক্রোড়পতি’-এর প্রচারের জন্য অনুষ্ঠানে অতিথি হিসেবে আসছেন। ভ্যারাইটি ইন্ডিয়ার প্রতিবেদনের বরাত দিয়ে জানা গেছে, চলতি সপ্তাহে অমিতাভ ও মাধুরীকে নিয়ে বিশেষ পর্বটির শুটিং হওয়ার কথা রয়েছে।
‘কৌন বনেগা ক্রোড়পতি’-তে মাধুরীর এটি হবে তৃতীয় উপস্থিতি। ২০০১ সালে প্রথমবার অতিথি হিসেবে অনুষ্ঠানে এসে তিনি ৫০ লাখ টাকা জিতেছিলেন। পরে ২০১০ সালে শোটির চতুর্থ মৌসুমেও তাকে দেখা যায়।
অমিতাভ ও মাধুরীকে একসঙ্গে প্রধান চরিত্রে বড় পর্দায় দেখার আগ্রহ ছিল দর্শকদের। ১৯৮৯ সালে পরিচালক তিনু আনন্দ তাদের নিয়ে ‘শনাক্ত’ নামে একটি সিনেমা নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত প্রকল্পটি বাতিল হয়ে যায়।
এরপর ১৯৯৮ সালে ‘বড়ে মিঞা ছোটে মিঞা’ সিনেমার ‘মাখানা’ গানে একসঙ্গে দেখা যায় তাদের। সেটিই ছিল বড় পর্দায় এই জুটির উল্লেখযোগ্য একসঙ্গে উপস্থিতি।
দীর্ঘ বিরতির পর এবার টেলিভিশনের পর্দায় তাদের একসঙ্গে দেখার অপেক্ষায় দর্শকরা। বিশেষ পর্বটি প্রচারের পর অনুষ্ঠানটির প্রতি দর্শকদের আগ্রহ বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
৮৩ বছর বয়সেও অভিনয়ে সক্রিয় অমিতাভ বচ্চন। সিনেমা ও টেলিভিশনের পাশাপাশি বর্তমানে কমল হাসানের সঙ্গে ‘কল্কি’ সিনেমার পরবর্তী পর্বের শুটিং করছেন তিনি।



মন্তব্য করুন