মাঝ আকাশে ভয়াবহ পরিস্থিতির মুখে ১৭৪ যাত্রীর জীবন রক্ষা করা ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছারের সাহসিকতার প্রশংসা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, এই ভারতীয় বীরকে নিয়ে পুরো দেশ গর্বিত।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় মোদি বলেন, ক্যাপ্টেন স্মিত মাচ্ছার সত্যিকারের বীরত্বের পরিচয় দিয়েছেন। চরম বিপদের মধ্যেও গুরুতর আহত অবস্থায় অন্যদের জীবন বাঁচাতে তাঁর সাহস ও দৃঢ় সংকল্প প্রশংসনীয়।

দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি ফ্লাইট ৩৪ হাজার ফুট উচ্চতায় থাকা অবস্থায় বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, সহ-পাইলট বিমানটি দ্রুত নিচে নামানোর চেষ্টা করলে ক্যাপ্টেন মাচ্ছার তাকে বাধা দেন। এ সময় সহ-পাইলট তাকে একাধিকবার ছুরিকাঘাত করেন।

গুরুতর আহত হওয়ার পরও প্রায় ১৩ বছরের অভিজ্ঞতাসম্পন্ন মাচ্ছার হাল ছাড়েননি। তিনি কৌশলে ককপিটের দরজা খুলে দেন। পরে বিমানের সামনের অংশের যাত্রীরা ককপিটে ঢুকে হামলাকারীকে নিয়ন্ত্রণে আনেন।

এরপর বিমানটি সৌদি আরবের তাবুক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। এ ঘটনায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয় এবং বিমানে থাকা ১৭৪ যাত্রীর জীবন রক্ষা পায়।

মোদি তাঁর বার্তায় বলেন, রক্তাক্ত অবস্থাতেও সহ-পাইলটের হামলা প্রতিহত করে মাচ্ছার যে সাহসিকতা দেখিয়েছেন, তা প্রশংসার দাবিদার। তাঁর দ্রুত সুস্থতা ও সুস্বাস্থ্য কামনা করেন ভারতীয় প্রধানমন্ত্রী।

ঘটনার পর ভারতের প্রধানমন্ত্রী ছাড়াও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় এই পাইলটের সাহসিকতার প্রশংসা করেছেন।