ঢাকা
০৬ জুন ২০২৬
শিরোনাম

দোকানে বাকি খাওয়া নিয়ে সংঘর্ষে রণক্ষেত্র, টাঙ্গাইলে ১৪৪ ধারা

জেলা প্রতিনিধি
শুক্রবার, ০৫ জুন ২০২৬   ৫ বার পঠিত
দোকানে বাকি খাওয়া নিয়ে সংঘর্ষে রণক্ষেত্র, টাঙ্গাইলে ১৪৪ ধারা

টাঙ্গাইলের গোপালপুর ও ভূঞাপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় ১৪৪ ধারা জারির পরও হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ জুন) সকালে নলীন বাজার ও জগৎপুরা এলাকায় সংঘর্ষের জেরে কয়েকটি বাড়িঘরে আগুন দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সংঘর্ষে একজন নিহত হওয়ার পর উত্তেজনা আরও বেড়ে যায়। পরে দ্বিতীয় দফায় সহিংসতার আহ্বান জানিয়ে মাইকিং করা হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে মধ্যরাতের পর সংশ্লিষ্ট এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়। তবে নিষেধাজ্ঞা উপেক্ষা করে শুক্রবার সকালেই কয়েকটি স্থানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

এলাকাজুড়ে এখনও উত্তেজনা বিরাজ করছে। দুই পক্ষের লোকজন বিভিন্ন স্থানে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে অবস্থান নেওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

জানা গেছে, দোকানে বাকি খাওয়াকে কেন্দ্র করে গত ২২ এপ্রিল গোপালপুর উপজেলার গোলপেঁচা এবং ভূঞাপুর উপজেলার জগৎকুড়া গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। সেই বিরোধের জের ধরে বৃহস্পতিবার বিকেলে আবারও দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের পাশাপাশি বহু মানুষ আহত হন।

আহতদের মধ্যে কালাম তালুকদারকে ভূঞাপুর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্য আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের সময় অন্তত ১০টি বাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাব্বির রহমান জানান, সংঘর্ষ নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে পাঁচজন পুলিশ সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এলাকায় সতর্ক অবস্থানে রয়েছেন।

June 2026
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930