আগামী তিন মাসের মধ্যে দেশে কিশোর গ্যাংয়ের তৎপরতা নির্মূলের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তার দাবি, কিশোর গ্যাংয়ের পেছনে প্রভাবশালী মহলের প্রত্যক্ষ মদদ রয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত কিশোর গ্যাং প্রতিরোধবিষয়ক ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চিফ হুইপ বলেন, কিশোরদের হাতে অস্ত্র বা চাপাতি নয়, বই-খাতা থাকা উচিত। পড়াশোনার পাশাপাশি তাদের দক্ষতা অর্জন করে কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবটিক প্রযুক্তির মতো আধুনিক ক্ষেত্রে প্রস্তুত হতে হবে। সমাজে সন্ত্রাস ও মব তৈরির সঙ্গে যারা জড়িত, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, কোনো ‘হেলমেট বাহিনী’ বা ‘হাতুড়ি বাহিনী’ সরকার দেখতে চায় না। সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও অশ্লীল ভাষার ব্যবহারও বরদাশত করা হবে না। অপরাধ করে কেউ পার পাবে না এবং অপরাধ নিয়ন্ত্রণে নিজের ঘর থেকেই ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে বলে দাবি করেন তিনি।

অনুষ্ঠানে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, ক্ষমতার পালাবদলের সঙ্গে অপরাধীরা রাজনৈতিক পরিচয় বদলালেও তাদের অপরাধের ধরন বদলায় না। কিশোর গ্যাং প্রতিরোধে রাজনৈতিক উদ্যোগের পাশাপাশি সামাজিক আন্দোলন প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, কোনো অপরাধমূলক ঘটনা ঘটলেই শুধু সরকারের ওপর দায় চাপানোর প্রবণতা থেকে রাজনৈতিক দলগুলোকে বেরিয়ে আসতে হবে। ‘ব্লেম গেমের রাজনীতি’ অব্যাহত থাকলে কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ন্ত্রণ কঠিন হবে।

ছায়া সংসদের বিতর্ক প্রতিযোগিতায় সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়কে হারিয়ে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ বিজয়ী হয়। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী দলগুলোর হাতে ট্রফি, ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।