দীর্ঘদিন পর ফ্যান্টাসি হরর-থ্রিলার ঘরানার সিনেমা নিয়ে বড় পর্দায় ফিরেছেন বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা। তার সঙ্গে জুটি বেঁধেছেন তামান্না ভাটিয়া। মুক্তির আগে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হলেও প্রেক্ষাগৃহে আসার পর ‘দ্য বন’ সিনেমাটি পেয়েছে মিশ্র প্রতিক্রিয়া। তবে সমালোচনা-প্রতিক্রিয়ার বাইরে বক্স অফিসে সিনেমাটির যাত্রা এখন পর্যন্ত বেশ জমজমাট। মুক্তির প্রথম সপ্তাহেই ভারতে ৫৩ কোটি রুপির বেশি নেট আয় করেছে সিনেমাটি।

ভারতের সিনেমার বাণিজ্য বিশ্লেষণভিত্তিক ওয়েবসাইট স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, মুক্তির সপ্তম দিনে বৃহস্পতিবার রাত ১০টা পর্যন্ত ভারতে প্রায় ৪ কোটি ৪০ লাখ রুপি আয় করেছে ‘দ্য বন’। আগের দিনগুলোর তুলনায় সপ্তম দিনের আয় কিছুটা কম হলেও প্রথম সপ্তাহের মোট ব্যবসায় এর প্রভাব পড়েনি।

সপ্তম দিনের আয় যোগ করে ভারতে সিনেমাটির মোট নেট সংগ্রহ দাঁড়িয়েছে প্রায় ৫৩ কোটি ৫০ লাখ রুপি। অর্থাৎ প্রথম সপ্তাহ শেষ হওয়ার আগেই ৫০ কোটি রুপির মাইলফলক অতিক্রম করেছে সিনেমাটি। ‘দ্য বন’-এ সিদ্ধার্থ মালহোত্রা ও তামান্না ভাটিয়ার পাশাপাশি আরও কয়েকজন পরিচিত অভিনয়শিল্পী গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। ফ্যান্টাসি, হরর ও থ্রিলারের সংমিশ্রণে নির্মিত সিনেমাটির গল্পে রহস্য ও অতিপ্রাকৃত আবহকে গুরুত্ব দেওয়া হয়েছে।

মুক্তির পর দর্শক ও সমালোচকদের প্রতিক্রিয়া একরকম না হলেও প্রথম সপ্তাহের বক্স অফিস আয় সিনেমাটির নির্মাতা ও সংশ্লিষ্টদের জন্য ইতিবাচক বার্তা দিচ্ছে। এখন দ্বিতীয় সপ্তাহে সিনেমাটি দর্শক ধরে রাখতে পারে কি না, সেটিই হয়ে উঠেছে মূল আলোচনার বিষয়।