অভিনয়ের পাশাপাশি উন্নয়নকর্মী হিসেবেও দীর্ঘদিন ধরে কাজ করছেন রাফিয়াত রশিদ মিথিলা। প্রায় দুই দশক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ব্র্যাকের সঙ্গে যুক্ত থাকার পর এবার যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে নতুন পেশাগত অধ্যায় শুরু করেছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নিজের নতুন কর্মজীবনের খবর জানিয়েছেন মিথিলা। তিনি জানান, ১ অক্টোবর থেকে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের আর্ভিং ইনস্টিটিউট ফর ক্লিনিক্যাল অ্যান্ড ট্রান্সলেশনাল রিসার্চে সহযোগী গবেষণা বিজ্ঞানী হিসেবে কাজ শুরু করেছেন।
মিথিলা জানান, নতুন দায়িত্বে নিউইয়র্কভিত্তিক ‘আর্লি চাইল্ডহুড অ্যান্ড ফ্যামিলি হাব’ প্রকল্পের নকশা ও মূল্যায়নে নেতৃত্ব দেবেন তিনি। প্রকল্পটি প্রারম্ভিক শৈশব বিকাশ, পারিবারিক সম্পৃক্ততা ও কমিউনিটি স্বাস্থ্য নিয়ে কাজ করে। জন্ম থেকে পাঁচ বছর বয়সী শিশুদের পরিবারকে শিশুদের বেড়ে ওঠার জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও সহায়ক পরিবেশের সঙ্গে যুক্ত করাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।
নিজের আন্তর্জাতিক উন্নয়ন খাতের অভিজ্ঞতা কাজে লাগিয়ে স্থানীয় মানুষের চাহিদার সঙ্গে গবেষণার লক্ষ্য সমন্বয় এবং তথ্য ও প্রমাণভিত্তিক কার্যক্রম এগিয়ে নেওয়ার আশা প্রকাশ করেছেন মিথিলা।
গবেষণার পাশাপাশি শিক্ষকতাতেও যুক্ত হয়েছেন তিনি। সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কে সহযোগী খণ্ডকালীন অধ্যাপক হিসেবে দায়িত্ব নিয়েছেন মিথিলা। সেখানে তিনি অলাভজনক প্রতিষ্ঠান ব্যবস্থাপনা বিষয়ে পড়াবেন। শিক্ষার্থীদের বাস্তব জগতের অলাভজনক সংস্থাগুলোর কার্যক্রম সম্পর্কে ধারণা দেওয়াই হবে তার শিক্ষকতার অন্যতম লক্ষ্য।
দীর্ঘদিনের কর্মস্থল ব্র্যাকের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মিথিলা বলেন, তার পেশাগত পথচলায় প্রতিষ্ঠানটির অবদান অনস্বীকার্য। কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের উন্নত গবেষণা অবকাঠামো ও মেধাবী গবেষকদের সঙ্গে কাজের সুযোগ তার অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

মন্তব্য করুন