ছোট পর্দার পরিচিত মুখ সামিরা খান মাহি। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় এই অভিনেত্রী। নিজের নানা মুহূর্ত ও ভাবনা নিয়মিতই অনুসারীদের সঙ্গে ভাগ করে নেন তিনি। সম্প্রতি রোবটের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে বেশ মজার এক মন্তব্য করেছেন মাহি। পোস্টের সঙ্গে তিনি লিখেছেন, ‘মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক।’

মাহির এমন মন্তব্যের পর পোস্টটি ঘিরে শুরু হয় নেটিজেনদের নানা প্রতিক্রিয়া। একজন মন্তব্য করেন, ‘রোবট ঠিক আছে, অন্তত চিট করবে না।’ আরেকজন লেখেন, ‘রোবট ঠিক আছে, অন্তত বেইমানি করবে না।’ মাহির পোস্টকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হয়েছে হাস্যরসের পরিবেশ। তবে অভিনেত্রীর এই মন্তব্য নিছক মজার ছলে করা, নাকি এর পেছনে রয়েছে কোনো ব্যক্তিগত অভিজ্ঞতা, তা অবশ্য স্পষ্ট করেননি তিনি।

২০১৪ সালে একটি রিয়েলিটি শোর মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন সামিরা খান মাহি। পরে ‘তরুণ তুর্কী’ ধারাবাহিকের মাধ্যমে অভিনয়ে পা রাখেন তিনি। এরপর ‘পারিবারিক গোলযোগ’, ‘নীড় খোঁজে গাঙচিল’, ‘লাইফ ইন এ মেট্রো’, ‘শুভ্রার ওয়্যারড্রব’, ‘আকাশ বাড়িয়ে দাও’, ‘ম্যাচিং ব্রাদার’ ও ‘এক পা দু’পা’সহ বেশ কিছু নাটক ও ওয়েব নাটকে অভিনয় করেছেন এই অভিনেত্রী।