সম্পত্তি দান করার পরও দাতার জীবদ্দশায় সেই সম্পত্তি ভোগ ও ব্যবহারের অধিকার সংরক্ষণের সুযোগ রেখে দেশে সম্পত্তি হস্তান্তর আইনে নতুন বিধান যুক্ত হয়েছে।
জাতীয় সংসদে পাস হওয়া ‘ট্রান্সফার অব প্রপার্টি (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট-২০২৬’-এর মাধ্যমে ‘জীবনকালীন ভোগাধিকার সংরক্ষণপূর্বক দান’ নামে নতুন পদ্ধতির আইনি স্বীকৃতি দেওয়া হয়েছে। এর ফলে সম্পত্তির মালিকানা গ্রহীতার কাছে হস্তান্তর হলেও দাতা জীবিত থাকা পর্যন্ত তা ভোগ ও ব্যবহার করতে পারবেন।
নতুন আইনে বাবা-মা সন্তানকে, দাদা-দাদি বা নানা-নানি নাতি-নাতনিকে, সন্তান বাবা-মা বা দাদা-দাদিকে এবং স্বামী-স্ত্রী পরস্পরকে এভাবে সম্পত্তি দান করতে পারবেন। স্থাবর সম্পত্তির ক্ষেত্রে নিবন্ধিত দলিলের মাধ্যমে দান সম্পন্ন করতে হবে।
দাতার জীবদ্দশায় গ্রহীতা মারা গেলেও সম্পত্তির ওপর দাতার ভোগাধিকার বহাল থাকবে। গ্রহীতার উত্তরাধিকারীরা সম্পত্তির মালিকানা পেলেও দাতা জীবিত থাকা পর্যন্ত তাঁর ভোগ ও ব্যবহারের অধিকার নষ্ট হবে না।
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, নতুন বিধানটি হেবা, গিফট বা প্রচলিত অন্য কোনো বৈধ পদ্ধতিতে সম্পত্তি হস্তান্তরের অধিকারকে সীমিত করবে না।
আইন বিশেষজ্ঞদের মতে, নতুন বিধানটি বিশেষ করে প্রবীণ বাবা-মায়ের জীবনকালীন নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সম্পত্তি সন্তানদের দেওয়ার পরও যাতে দাতা নিজের প্রয়োজন ও নিরাপত্তার জন্য সম্পত্তি ব্যবহার করতে পারেন, নতুন আইন সেই সুযোগ নিশ্চিত করেছে।

মন্তব্য করুন