বলিউড অভিনেতা নানা পাটেকরের মৃত্যুকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, অভিনেতার মৃত্যুর ঘটনায় ভারতের গোয়ার পানাজি পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করেছে। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএসএস) ১৯৪ ধারায় মামলাটি করা হয়েছে।

পুলিশ সূত্রের বরাতে প্রতিবেদনে জানানো হয়, হাসপাতালের মেডিকো-লিগ্যাল রিপোর্টের ভিত্তিতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে এ ধরনের মামলা দায়ের করলেই মৃত্যুর পেছনে অপরাধ বা অন্য কোনো অস্বাভাবিক ঘটনা রয়েছে, এমনটা নিশ্চিত হয় না। এটি মৃত্যুর পরিস্থিতি যাচাইয়ের আইনি প্রক্রিয়ার অংশ হতে পারে।

গোয়ার মনিপাল হাসপাতালের অনকোলজি বিভাগের প্রধান ডা. শেখর সালকারের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ভোরে নানা পাটেকরকে হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। বাড়িতে চিকিৎসকের উপস্থিতি ছাড়াই মৃত্যুর ঘটনা ঘটেছে বলে আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এদিকে, প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, বৃহস্পতিবার রাতে পুনের দোঞ্জে গ্রামের খামারবাড়িতে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় অভিনেতার শেষকৃত্য সম্পন্ন হয়। মরদেহ গোয়া থেকে পুনেতে নিয়ে যেতে সময় লাগায় রাতেই শেষকৃত্যের আয়োজন করা হয়েছিল বলে অভিনেতার ছেলে মলহার পাটেকরের বরাত দিয়ে জানানো হয়েছে।

বাবার স্মৃতি স্মরণ করে মলহার বলেন, তার বাবার কাজ ও সৃষ্টিই তাকে মানুষের মধ্যে বাঁচিয়ে রাখবে। তার আদর্শ ও দর্শন সামনে এগিয়ে নেওয়ার কথাও জানান তিনি।