ইসরায়েলের নতুন সরকার গঠন নিয়ে রাজনৈতিক অচলাবস্থার মধ্যে আরব নেতৃত্বাধীন দলগুলোর সমর্থন নিয়ে সরকার গঠনে অনাগ্রহ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি জানিয়েছেন, বর্তমান রাজনৈতিক মিত্রদের পাশাপাশি অন্যান্য দলকে নিয়ে একটি বড় জাতীয় সরকার গঠন করতে চান। তবে আরব দলগুলোর ওপর নির্ভরশীল কোনো সরকার গঠন করবেন না।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের প্রতিবেদন অনুযায়ী, সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নেতানিয়াহু এ অবস্থান তুলে ধরেন।

পোস্টে তিনি বলেন, ইসরায়েলের জনগণ রা’আম ও জয়েন্ট লিস্ট পার্টির ওপর নির্ভরশীল কোনো সরকার চায় না। তার অভিযোগ, দল দুটি সন্ত্রাসবাদকে সমর্থন করে এবং ইহুদি রাষ্ট্রের অস্তিত্ব স্বীকার করে না।

নেতানিয়াহুর দাবি, এবারের নির্বাচনে তার দল লিকুদ সবচেয়ে বেশি আসন পেয়েছে। তাই পরবর্তী সরকার পরিচালনার দায়িত্বও তার দলের পাওয়া উচিত। তিনি আরও বলেন, সন্ত্রাসবাদকে সমর্থন করে না—এমন যেকোনো দলের সঙ্গে সরকার গঠনে আলোচনা করতে প্রস্তুত তিনি।

তবে নেতানিয়াহুর এই উদ্যোগের বিরোধিতা করছে বিরোধী শিবিরের কয়েকটি দল। ইসরায়েল বেইতেনু দলের নেতা আভিগদর লিবারম্যান নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারে যোগ দেওয়ার সম্ভাবনা নাকচ করেছেন। তিনি বিরোধী নেতা গাদি আইজেনকটকে পরবর্তী প্রধানমন্ত্রী করার প্রস্তাব দেওয়ার কথা জানিয়েছেন।

নির্বাচনের ফল অনুযায়ী, ১২০ আসনের নেসেটে বিরোধী জোট পেয়েছে ৬৭টি আসন। অন্যদিকে ক্ষমতাসীন জোটের আসন ৫৩টি। তবে সরকার গঠনে প্রয়োজনীয় সমঝোতা নিয়ে দুই পক্ষের মধ্যে অচলাবস্থা তৈরি হয়েছে।

এ পরিস্থিতিতে নতুন নির্বাচন এড়াতে রাজনৈতিক দলগুলোকে সমঝোতায় আসার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। আগামী ৪ নভেম্বর তিনি নির্বাচনের আনুষ্ঠানিক ফল গ্রহণ করবেন। এরপর সরকার গঠন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করবেন।