ডি-৮ জোটভুক্ত দেশগুলোর মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ এবং অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি বা পিটিএ দ্রুত চূড়ান্ত ও বাস্তবায়নের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে সদস্য দেশগুলোর মধ্যে শুল্ক সুবিধা সম্প্রসারণ, বাণিজ্য বাধা দূর এবং অর্থনৈতিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দিয়েছে ঢাকা।
তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত কমসেকের ৪২তম মন্ত্রী পর্যায়ের সম্মেলনের সাইডলাইনে ডি-৮ মহাসচিব সোহাইল মাহমুদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশের এ অবস্থান তুলে ধরেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
সোমবার (২ নভেম্বর) অনুষ্ঠিত ওই বৈঠকের বিস্তারিত মঙ্গলবার (৩ নভেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বৈঠকে সদস্য দেশগুলোর মধ্যে বিদ্যমান বাণিজ্যিক বাধা দূর করা, পারস্পরিক শুল্ক সুবিধা বাড়ানো এবং অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়গুলো গুরুত্ব পায়।
বাণিজ্যমন্ত্রী বলেন, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতিতে ডি-৮ সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ অত্যন্ত জরুরি। এ লক্ষ্য অর্জনে এফটিএ ও পিটিএর রূপরেখা দ্রুত চূড়ান্ত করতে হবে। পাশাপাশি এসব চুক্তি বাস্তবায়নে ডি-৮ সচিবালয়কে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, সদস্য দেশগুলোর মধ্যে সমন্বয় বাড়ানো এবং পারস্পরিক শুল্ক সুবিধা সম্প্রসারণ করা প্রয়োজন। এতে জোটভুক্ত দেশগুলোর অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগানোর পাশাপাশি আন্তঃদেশীয় বাণিজ্য আরও সম্প্রসারণ করা সম্ভব হবে।
এ ছাড়া ডি-৮-এর প্রাতিষ্ঠানিক কার্যকারিতা বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেন বাণিজ্যমন্ত্রী। জোটটিকে আরও কার্যকর ও ফলাফলমুখী করতে পুনর্গঠন এবং বাস্তবভিত্তিক কর্মসূচি গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি।
জবাবে ডি-৮ মহাসচিব সোহাইল মাহমুদ বাংলাদেশের প্রস্তাব ও আগ্রহকে ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দেন। একই সঙ্গে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা ও আন্তঃবাণিজ্য বাড়ানোর বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।
বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দল এবং ডি-৮ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কমসেকের ৪২তম মন্ত্রী পর্যায়ের সম্মেলনে অংশ নিতে বর্তমানে তুরস্ক সফর করছেন বাণিজ্যমন্ত্রী।

মন্তব্য করুন