জুলাই সনদের ৬(ক) ধারায় ‘সংবিধান সংশোধন সাপেক্ষে সংস্কার’ বিষয়ে সব রাজনৈতিক দল একমত হয়েই সনদে স্বাক্ষর করেছে বলে দাবি করা হয়েছে। তবে বিরোধী দল বর্তমানে ইচ্ছাকৃতভাবে এ বিষয়ে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির দশম বৈঠকে এ অভিযোগ করা হয়। কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠকে সংবিধানে শিক্ষা ও চিকিৎসাকে মৌলিক অধিকার হিসেবে অন্তর্ভুক্ত করা, জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষা, গণঅভ্যুত্থানের দাবি বাস্তবায়ন এবং জুলাই সনদের টেকসই বাস্তবায়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
এ সময় জুলাই গণঅভ্যুত্থানে অবদান রাখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন কমিটির সদস্যরা। নারী ও শিশুর সুরক্ষা নিশ্চিত করার বিষয়টিও আলোচনায় উঠে আসে।
বৈঠকে জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। যুগে যুগে তরুণরাই জাতিকে পথ দেখিয়েছে উল্লেখ করে তাদের কল্যাণে সংবিধান সংশোধনের মাধ্যমে জনবান্ধব ও যুগোপযোগী সংবিধান প্রণয়নের বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে আরও বলা হয়, জুলাই সনদের ৬(ক) ধারায় উল্লেখিত ‘সংবিধান সংশোধন সাপেক্ষে সংস্কার’ বিষয়ে সব রাজনৈতিক দল একমত হয়েই সনদে স্বাক্ষর করেছে। অথচ বিরোধী দল বর্তমানে এ বিষয়ে ইচ্ছাকৃতভাবে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করা হয়।
কমিটি জানায়, জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নে সরকার আন্তরিক। সরকারের ওপর আস্থা রেখে তরুণ প্রতিনিধিরাও এ বিষয়ে সহমত পোষণ করেছেন।
বৈঠকে কমিটির সদস্য ও চিফ হুইপ নূরুল ইসলাম মনি, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, জয়নুল আবেদীন, পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি, প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মো. নূরুল হক, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন উপস্থিত ছিলেন।
এ ছাড়া বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।

মন্তব্য করুন