সোমবার (২ নভেম্বর) পার্লামেন্টে নতুন অভিবাসন নীতির ঘোষণা দেন যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ। আগামী বছর থেকে নিয়মটি কার্যকর হওয়ার কথা রয়েছে।
নতুন নীতিতে বার্ষিক ৫০ হাজার পাউন্ডের বেশি আয় করা কর্মীরা পাঁচ বছর পর এবং ১ লাখ ২৫ হাজার পাউন্ডের বেশি আয় করা কর্মীরা তিন বছর পর স্থায়ী বসবাসের আবেদন করতে পারবেন।
গুরুত্বপূর্ণ বিষয় হলো, নতুন নিয়ম বর্তমানে যুক্তরাজ্যে বসবাসরত বিদেশি কর্মীদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।
কেয়ার খাতে কর্মরত বিদেশি কর্মীদের জন্য পাঁচ বছর পর স্থায়ী বসবাসের আবেদনের সুযোগ রাখা হয়েছে। তবে তাদের বার্ষিক আয় কমপক্ষে ২৫ হাজার পাউন্ড হতে হবে এবং ভিসার অন্যান্য শর্ত পূরণ করতে হবে।
নিরাপদ ও বৈধ পথে আসা শরণার্থীরা পাঁচ বছর পর আবেদন করতে পারবেন। অন্যদের অপেক্ষা করতে হবে ২০ বছর। কাজ বা পড়াশোনার শর্ত পূরণ করলে তা কমে ১০ বছর হতে পারে। আর অনিয়মিত পথে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে আসা ব্যক্তিদের ক্ষেত্রে অপেক্ষার সময় সর্বোচ্চ ৩০ বছর হতে পারে।
স্থায়ী বসবাসের আবেদনকারীদের ইংরেজিতে দক্ষতা, অপরাধমুক্ত রেকর্ড এবং সরকারের কাছে বকেয়া না থাকার শর্ত পূরণ করতে হবে। পাশাপাশি অন্তত তিন বছর জাতীয় বিমা চাঁদা দেওয়ার নিয়মও রাখা হয়েছে।
সরকারের হিসাব অনুযায়ী, নতুন নিয়মে প্রায় পাঁচ লাখ মানুষের স্থায়ী বসবাস পেতে আগের চেয়ে বেশি সময় লাগবে। এতে সরকারি ব্যয় কয়েক বিলিয়ন পাউন্ড কমতে পারে।

মন্তব্য করুন