বাজারের তথ্য অনুযায়ী, ব্রেন্ট ক্রুডের জানুয়ারি মাসের সরবরাহের দাম ৩ দশমিক ৩১ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০৯ দশমিক ৬৭ ডলারে নেমেছে। একই সময়ে ডব্লিউটিআইয়ের ডিসেম্বর মাসের সরবরাহের দাম ৩ দশমিক ৩৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ১০০ দশমিক ৬৪ ডলারে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক শক্তি প্রয়োগের পরিবর্তে ইরানের সঙ্গে চলমান সংঘাতের কূটনৈতিক সমাধান চান।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুবিও বলেন, সামরিক পদক্ষেপের বিষয়ে ট্রাম্প এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। তবে প্রয়োজন হলে সামরিক অভিযান পরিচালনার সক্ষমতা যুক্তরাষ্ট্রের রয়েছে বলে তিনি আত্মবিশ্বাস প্রকাশ করেন।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার সম্ভাবনা নাকচ করছে না ইরানও। আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, কাতারের মধ্যস্থতায় দুই দিন ধরে দুই পক্ষের মধ্যে আলোচনা হয়েছে। এসব আলোচনার পর ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, শর্তগুলো বাস্তবায়ন করা হলে চুক্তিতে পৌঁছানো সম্ভব।
তবে কূটনৈতিক তৎপরতার পাশাপাশি সামরিক উত্তেজনাও অব্যাহত রয়েছে।
এর আগে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে নতুন করে হামলার প্রস্তুতির খবর প্রকাশিত হয়। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল ও দ্য নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পর সম্ভাব্য সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র।
অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি শনিবার দেশটির সশস্ত্র বাহিনীকে যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। সম্ভাব্য জবাবের ক্ষেত্রে কোনো ভৌগোলিক সীমাবদ্ধতা থাকবে না বলেও জানান তিনি।
কূটনৈতিক আলোচনার খবরে তেলের দাম কমলেও মধ্যপ্রাচ্য ও ইউক্রেনের সংঘাত নিয়ে উদ্বেগ কাটেনি। তেলবাহী জাহাজ ও মধ্যপ্রাচ্যের শোধনাগারে হামলার ঘটনা অব্যাহত রয়েছে। ইউক্রেনেও বেসামরিক মানুষের ওপর হামলার খবর পাওয়া যাচ্ছে।
তেলবাজার বিশ্লেষণকারী প্রতিষ্ঠান পিভিএম অয়েল অ্যাসোসিয়েটসের বিশ্লেষক তামাস ভার্গা বলেন, এসব হামলা স্থায়ী যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে আস্থা তৈরি করতে পারছে না। তবে কূটনৈতিক সমাধানের আশা এখনো রয়েছে।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনায় অগ্রগতি হলে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ কমতে পারে। এতে তেলের দাম আরও কমার সম্ভাবনা রয়েছে। তবে নতুন করে সামরিক সংঘাত শুরু হলে বিশ্ববাজারের পরিস্থিতি আবারও বদলে যেতে পারে।

মন্তব্য করুন