সম্প্রতি বিবিসি বাংলার এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে ভারতের দুটি প্রধান প্রত্যাশা রয়েছে। প্রথমত, বাংলাদেশের সেনাবাহিনীকে সামরিক বিমান পাঠিয়ে অথবা সীমান্তের নির্দিষ্ট কোনো স্থানে গিয়ে তাকে গ্রহণ করতে হবে। দ্বিতীয়ত, ২০২৪ সালের জুলাই অভ্যুত্থান-সংক্রান্ত মামলায় দেওয়া মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল এবং নতুন করে ন্যায়বিচার পাওয়ার সুযোগ নিশ্চিত করতে হবে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড কার্যকরের মুখে ঠেলে দেওয়ার জন্য হস্তান্তর করতে চায় না ভারত। বরং আন্তর্জাতিক সম্প্রদায় ও গণমাধ্যমের নজরদারিতে স্বচ্ছ বিচারপ্রক্রিয়া নিশ্চিত করার পক্ষে দেশটি।
বিবিসি বাংলার প্রতিবেদনে আরও বলা হয়, শেখ হাসিনার ভারতে দীর্ঘদিন অবস্থান দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও নয়াদিল্লির জন্য অস্বস্তির কারণ হয়ে উঠেছে। তাকে তৃতীয় কোনো দেশে পাঠানোর চেষ্টা করেও সফল হয়নি ভারত। ফলে দেশে প্রত্যাবর্তন ও আইনি প্রক্রিয়ায় অংশগ্রহণকেই সম্ভাব্য সমাধান হিসেবে বিবেচনা করছে দেশটির নীতিনির্ধারকরা।
এদিকে শেখ হাসিনার নিরাপত্তা নিয়েও উদ্বিগ্ন ভারত। দেশে ফেরার পর তার ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশের সেনাবাহিনীর কাছ থেকে নিশ্চয়তা চায় নয়াদিল্লি।
প্রতিবেদনে দাবি করা হয়েছে, গত কয়েক মাস ধরে বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে পর্দার আড়ালে আলোচনা চলছে। বাংলাদেশের সাবেক হাইকমিশনারের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও সেনাপ্রধানের বৈঠকেও এ বিষয়টি আলোচনায় এসেছিল বলে ভারতীয় সামরিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি বাংলা।
তবে শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে বাংলাদেশের বর্তমান সরকারের অবস্থান সম্পর্কে সংশয় রয়েছে ভারতের কর্মকর্তাদের। তাদের আশঙ্কা, দেশের চলমান অর্থনৈতিক সংকট ও শ্রমিক অসন্তোষের মধ্যে তার প্রত্যাবর্তন নতুন রাজনৈতিক অস্থিরতা তৈরি করতে পারে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছা প্রকাশের বিষয়টি ভারত সমর্থন করলেও নির্ধারিত সময়ের মধ্যে প্রত্যাবর্তন সম্ভব না হলে এর দায় বাংলাদেশের ওপর চাপানোর সুযোগও রাখতে চায় নয়াদিল্লি।

মন্তব্য করুন