ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের অস্থায়ী রাজধানী এডেনের দিকে দ্রুত অগ্রসর হচ্ছে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। শহরটি থেকে মাত্র ৬০ কিলোমিটার দূরে অবস্থান নেওয়ার পর সম্ভাব্য হামলা মোকাবিলায় প্রতিরক্ষা প্রস্তুতি জোরদার করেছে সৌদি সমর্থিত সরকারি বাহিনী। এতে ইয়েমেনের চলমান সংঘাতে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) বার্তা সংস্থা এএফপিকে দেওয়া তথ্য অনুযায়ী, হুথি যোদ্ধারা দেশটির লাহজ প্রদেশের দুটি জেলা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। বর্তমানে তারা আল-মাদারিবার আল-খারাজ ক্যাম্পের আশপাশে অবস্থান করছে। এলাকাটি এডেন শহর থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে।

এদিকে হুথিদের অগ্রযাত্রা ঠেকাতে এডেনের চারপাশে প্রতিরক্ষাব্যবস্থা গড়ে তুলছে সরকারি বাহিনী। শহরের বিভিন্ন স্থানে পরিখা খনন করা হচ্ছে। পাশাপাশি বালুর বস্তা দিয়ে দেয়াল ও প্রতিরক্ষা অবস্থান তৈরি করা হচ্ছে। তবে হুথি যোদ্ধারা আরও অগ্রসর হলে এসব প্রতিরক্ষা কতটা কার্যকর হবে, তা নিয়ে সংশয় রয়েছে।

এএফপিকে সেনাবাহিনীর চারটি সূত্র এবং সরকারের দুটি সূত্র জানিয়েছে, এডেনের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাদের প্রস্তুত রাখা হয়েছে।

ইয়েমেনের রাজধানী সানা বর্তমানে হুথিদের নিয়ন্ত্রণে রয়েছে। অন্যদিকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার এডেনকে অস্থায়ী রাজধানী হিসেবে ব্যবহার করে আসছে। সেখান থেকেই পরিচালিত হচ্ছে সরকারের প্রশাসনিক কার্যক্রম।

এদিকে হুথিদের অগ্রযাত্রার মধ্যে সরকারি বাহিনী লোহিত সাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ বাব এল-মান্দেব প্রণালি এবং সেখানকার একটি বিমানবন্দর থেকে নিজেদের সেনা সরিয়ে নিয়েছে। ইয়েমেন সরকার জানিয়েছে, এডেনের প্রতিরক্ষা শক্তিশালী করতেই এসব সেনাকে অন্যত্র মোতায়েন করা হয়েছে।

পরে হুথিদের সামরিক শাখার একটি সূত্র এএফপিকে জানায়, সরকারি বাহিনীর ছেড়ে যাওয়া এলাকাগুলোর নিয়ন্ত্রণ নিয়েছে তাদের যোদ্ধারা।

ইয়েমেনের সবচেয়ে জনবহুল অঞ্চলগুলোর বড় অংশ হুথিদের নিয়ন্ত্রণে রয়েছে। এক যুগেরও বেশি সময় ধরে সৌদি সমর্থিত সরকারি বাহিনীর সঙ্গে তাদের সংঘাত চলছে। এ অবস্থায় এডেনের দিকে হুথিদের অগ্রযাত্রা দেশটির রাজনৈতিক ও সামরিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।