বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুদকের এনফোর্সমেন্ট টিম এসব অভিযান পরিচালনা করে। প্রাথমিক অনুসন্ধানে বিভিন্ন প্রতিষ্ঠানে অনিয়মের তথ্য পেয়েছে সংস্থাটি।
হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়ে এক্স-রে ও প্যাথলজি বিভাগে অনিয়মের তথ্য পায় দুদক। সেখানে পাঁচজন টেকনিশিয়ান কাজ করলেও তাদের সংশ্লিষ্ট কাজের কোনো সনদ, অভিজ্ঞতা কিংবা নিয়োগপত্র পাওয়া যায়নি।
আরও উদ্বেগজনক তথ্য হলো, প্রতিদিন গড়ে ৩৫ জন রোগীর কাছ থেকে এক্স-রে পরীক্ষার ফি আদায় করা হলেও জমা রেজিস্টারে মাত্র একজনের ফি জমার তথ্য রয়েছে। প্যাথলজি বিভাগেও আদায় করা অর্থের তুলনায় কম টাকা জমার তথ্য পাওয়া গেছে। এ ছাড়া রোগীদের খাবার সরবরাহ ও পরিচ্ছন্নতা কার্যক্রমেও অনিয়মের প্রাথমিক প্রমাণ মিলেছে। সংশ্লিষ্ট নথিপত্র জব্দ করেছে দুদক।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের গোপন কক্ষ থেকে গত বছরের ৯ জুলাই উদ্ধার করা হয়েছিল ৮ লাখ ৮২ হাজার টাকা। এ ঘটনায় নথিপত্র পর্যালোচনা করে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক। তবে টাকা উদ্ধারের ক্ষেত্রে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হয়নি বলে জানিয়েছে সংস্থাটি।
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে নিয়োগবিধি ও আদালতের নির্দেশনা উপেক্ষা করে উন্নয়ন প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীদের রাজস্ব খাতে স্থানান্তর এবং সরকারি অর্থে অতিরিক্ত আর্থিক সুবিধা দেওয়ার অভিযোগে নথিপত্র সংগ্রহ করেছে দুদক।
অন্যদিকে, রাজশাহী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণার্থীদের ভাতা না দিয়ে হয়রানি ও অর্থ আত্মসাতের অভিযোগেও অভিযান চালানো হয়েছে।
চারটি অভিযানের সংগৃহীত নথিপত্র যাচাই-বাছাই শেষে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশসহ কমিশনে প্রতিবেদন জমা দেবে দুদকের অভিযান পরিচালনাকারী দল।

মন্তব্য করুন