দেশের বাজারে সোনার দামে বড় ধরনের পতন হয়েছে। টানা আট দফায় কমেছে ভালো মানের ২২ ক্যারেট সোনার দাম। সব মিলিয়ে প্রতি ভরিতে দাম কমেছে ২৮ হাজার ৫০৮ টাকা। ফলে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনা বিক্রি হচ্ছে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকায়।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) গত ২০ নভেম্বর সকাল ১০টা থেকে সোনা ও রুপার নতুন দাম কার্যকর করেছে। পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত দেশের বাজারে এই দামেই অলংকার বিক্রি হবে।

বাজুসের তথ্য অনুযায়ী, গত ২০ নভেম্বর এক ভরি সোনার দাম কমানো হয় ১০ হাজার ৯৫৪ টাকা। এর আগে ১৯ নভেম্বর কমে ৩ হাজার ২৬৬ টাকা। ১৮ ও ১৪ নভেম্বর দাম কমানো হয় ২ হাজার ২১৬ টাকা করে। এছাড়া ১৩ নভেম্বর ২ হাজার ১৫৮ টাকা, ১২ নভেম্বর ২ হাজার ২১৬ টাকা, ১১ ও ৬ নভেম্বর কমানো হয় ২ হাজার ৭৪১ টাকা করে।

সব মিলিয়ে আট দফায় সোনার দাম কমেছে ২৮ হাজার ৫০৮ টাকা।

বর্তমানে বাজুস নির্ধারিত দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকায়। ২১ ক্যারেটের দাম ১ লাখ ৯২ হাজার ১০৬ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৪ হাজার ৯৮৭ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা বিক্রি হচ্ছে ১ লাখ ৩৫ হাজার ৮৮৬ টাকায়।

অন্যদিকে, রুপার বাজারেও নির্ধারিত রয়েছে নতুন দাম। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৩৩ টাকায়। ২১ ক্যারেটের দাম ২ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের ২ হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ৯২৫ টাকা।

টানা দরপতনে সোনার বাজারে বড় পরিবর্তন এসেছে। তবে নতুন করে দাম কমবে, নাকি আবার বাড়বে—এখন সেদিকেই নজর ক্রেতা ও ব্যবসায়ীদের।