https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের পৃথক জেল আপিল গ্রহণযোগ্যতার শুনানির জন্য হাইকোর্টের কার্যতালিকায় রাখা হয়েছে।
রবিবার (১৪ জুন) বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি মো. সাইফুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ দুটি জেল আপিলের ওপর শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কার্যতালিকায় সোহেল রানার আপিল ৩৪ নম্বরে এবং স্বপ্না আক্তারের আবেদন ৩৫ নম্বর ক্রমিকে রয়েছে।
এর আগে ৭ জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল এ মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দেন। একই রায়ে সোহেল রানাকে ৫ লাখ টাকা এবং স্বপ্না আক্তারকে ২ লাখ টাকা অর্থদণ্ডও দেওয়া হয়।
রায়ের পর ৯ জুন মামলার নথিপত্র ডেথ রেফারেন্স হিসেবে হাইকোর্টে পাঠানো হয় এবং তা নম্বরভুক্ত করা হয়। পরে ১১ জুন কারা কর্তৃপক্ষের মাধ্যমে আসামিরা পৃথকভাবে জেল আপিল করেন, যা গ্রহণযোগ্যতার শুনানির জন্য হাইকোর্টে পাঠানো হয়েছে।