https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
বিশ্বকাপে স্পেনের বিপক্ষে অসাধারণ পারফরম্যান্সের পর মাকে পাশে না পাওয়ার আক্ষেপ জানিয়েছিলেন কেপ ভার্দের গোলরক্ষক জোসিমার দিয়াস ভোজিনহা। ভিসা ও আর্থিক জটিলতার কারণে তার মা যুক্তরাষ্ট্রে যেতে পারছিলেন না। অবশেষে সেই বাধা কাটিয়ে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে যাওয়ার অনুমতি পেয়েছেন তিনি।
স্পেনের বিপক্ষে ম্যাচে সাতটি গুরুত্বপূর্ণ সেভ করে কেপ ভার্দেকে মূল্যবান এক পয়েন্ট এনে দেন ৪০ বছর বয়সী ভোজিনহা। দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ম্যাচসেরার পুরস্কারও জেতেন তিনি। তবে ম্যাচ শেষে আবেগঘন কণ্ঠে জানান, তার মা আনা কান্দিদা এভোরা ভিসা ও আর্থিক সমস্যার কারণে স্টেডিয়ামে উপস্থিত থাকতে পারেননি।
ভোজিনহার সেই বক্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। বিষয়টি নজরে আসার পর যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় সহায়তা প্রদান করে এবং তার মায়ের ভ্রমণ-সংক্রান্ত জটিলতা দূর করা হয়।
ফলে আগামী সোমবার মায়ামিতে অনুষ্ঠিতব্য কেপ ভার্দে ও উরুগুয়ের মধ্যকার বিশ্বকাপ ম্যাচে স্টেডিয়ামে উপস্থিত থেকে ছেলেকে খেলতে দেখতে পারবেন আনা কান্দিদা এভোরা।
মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, প্রয়োজনীয় সব নীতি ও প্রক্রিয়া অনুসরণ করেই তার ভ্রমণের ব্যবস্থা সম্পন্ন করা হয়েছে।