https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
বিশ্বকাপের গ্রুপ পর্বে দুই ম্যাচ শেষে চার পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে রয়েছে ব্রাজিল। তবে স্কটল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে নতুন দুশ্চিন্তায় পড়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। নিষেধাজ্ঞার ঝুঁকিতে রয়েছেন দলের তিন গুরুত্বপূর্ণ খেলোয়াড়।
আগামী বুধবার স্কটল্যান্ডের মুখোমুখি হবে ব্রাজিল। ম্যাচে ড্র করলেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হবে সেলেসাওদের। আর জয় পেলে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পথ অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। তবে সেই ম্যাচে সতর্ক থাকতে হবে কাসেমিরো, ডগলাস সান্তোস ও রজার ইবানেজকে।
মরক্কো ও হাইতির বিপক্ষে প্রথম দুই ম্যাচে এই তিন খেলোয়াড়ই একটি করে হলুদ কার্ড দেখেছেন। স্কটল্যান্ডের বিপক্ষে আরেকটি হলুদ কার্ড দেখলে পরবর্তী ম্যাচে নিষিদ্ধ হতে হবে তাদের।
বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের সংখ্যা ও ম্যাচ বৃদ্ধির কারণে এবার হলুদ কার্ড সংক্রান্ত নিয়মে পরিবর্তন এনেছে ফিফা। নতুন নিয়ম অনুযায়ী, গ্রুপ পর্ব শেষ হওয়ার পর খেলোয়াড়দের জমে থাকা হলুদ কার্ডের হিসাব মুছে যাবে। একইভাবে কোয়ার্টার ফাইনালের আগে আবারও কার্ডের হিসাব শূন্য থেকে শুরু হবে।
তবে একটি গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে। কোনো খেলোয়াড় যদি গ্রুপ পর্বের শেষ ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ড পান, তাহলে তিনি পরবর্তী নকআউট ম্যাচে খেলতে পারবেন না।
ফলে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে শুধু জয় বা পরের রাউন্ড নিশ্চিত করাই নয়, ব্রাজিলের জন্য গুরুত্বপূর্ণ কয়েকজন খেলোয়াড়কে অপ্রয়োজনীয় কার্ড থেকে দূরে রাখাও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।