https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
বিশ্বকাপে প্রথম ম্যাচে ড্রয়ের পর ক্রিস্টিয়ানো রোনালদোকে ঘিরে যে সমালোচনা তৈরি হয়েছে, তা গুরুত্ব দিচ্ছেন না পর্তুগালের ডিফেন্ডার রুবেন দিয়াস।
গ্রুপ ‘কে’-এর ম্যাচে ডিআর কঙ্গোর বিপক্ষে ১-১ গোলে ড্র করে পর্তুগাল। ম্যাচের শুরুতে এগিয়ে গেলেও বিরতির আগে সমতায় ফেরে আফ্রিকার দলটি।
ম্যাচ শেষে ৪১ বছর বয়সী অধিনায়ক রোনালদোর পারফরম্যান্স নিয়ে সামাজিক মাধ্যমে ও বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়। তবে রুবেন দিয়াস জানিয়েছেন, এসব আলোচনা দলের ভেতরের মনোযোগে কোনো প্রভাব ফেলছে না।
তিনি বলেন, “সমালোচনা নতুন কিছু নয়। ক্রিস্টিয়ানো স্বাভাবিকভাবেই বেশি আলোচনায় থাকে। কিন্তু আমরা এসব নিয়ে চিন্তিত নই। আমাদের লক্ষ্য একটাই—দল হিসেবে ভালো করা।”
সামাজিক যোগাযোগমাধ্যমের মন্তব্য নিয়েও কোনো গুরুত্ব দিচ্ছেন না বলে জানান এই ডিফেন্ডার। তার ভাষায়, “আমরা বাইরে কী বলা হচ্ছে, তা নিয়ে ভাবি না। আমরা একটি লক্ষ্যকে সামনে রেখে একসঙ্গে আছি।”
ম্যাচের পারফরম্যান্স বিশ্লেষণ করে তিনি স্বীকার করেন, শুরুটা ভালো হলেও পরে দল ছন্দ হারিয়েছে এবং প্রতিপক্ষকে চাপের মধ্যে রাখতে পারেনি।
পর্তুগাল এখন গ্রুপ পর্বের পরবর্তী ম্যাচে ২৩ জুন উজবেকিস্তানের মুখোমুখি হবে।