https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
বিশ্বকাপে প্রথম অংশগ্রহণেই ইতিহাস গড়েছে কুরাসাও। গোলকিপার এলয় রমের অসাধারণ পারফরম্যান্সে শক্তিশালী ইকুয়েডরের সঙ্গে গোলশূন্য ড্র করে বিশ্বকাপের প্রথম পয়েন্ট অর্জন করেছে ক্যারিবীয় দ্বীপরাষ্ট্রটি।
জার্মানির বিপক্ষে ৭-১ গোলের বড় ব্যবধানে হারের পর ইকুয়েডরের বিরুদ্ধে রক্ষণাত্মক কৌশল নিয়ে মাঠে নামে কুরাসাও। ম্যাচজুড়ে ইকুয়েডরের একের পর এক আক্রমণ ঠেকিয়ে দেন গোলরক্ষক এলয় রম। তিনি একাই ১৫টি সেভ করে প্রতিপক্ষকে হতাশ করেন এবং দলের জন্য মূল্যবান এক পয়েন্ট নিশ্চিত করেন।
বল দখল ও আক্রমণে আধিপত্য দেখালেও ইকুয়েডর গোলের দেখা পায়নি। কুরাসাওয়ের সংগঠিত রক্ষণভাগ এবং রমের দুর্দান্ত নৈপুণ্য তাদের সব প্রচেষ্টা ব্যর্থ করে দেয়। অন্যদিকে, পাল্টা আক্রমণে কুরাসাওও কয়েকবার প্রতিপক্ষের রক্ষণে চাপ সৃষ্টি করলেও গোল করতে পারেনি।
পরিসংখ্যান অনুযায়ী, কুরাসাওয়ের বিপক্ষে ইকুয়েডর ১৫টি অন-টার্গেট শট নিয়েছে, যা ১৯৬৬ সালের পর বিশ্বকাপের কোনো গোলশূন্য ম্যাচে একটি দলের সর্বোচ্চ অন-টার্গেট শটের রেকর্ড।
ম্যাচে ইকুয়েডর অধিনায়ক এনের ভ্যালেন্সিয়া বেশ কয়েকটি সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হন। ম্যাচের শুরুতে তার একটি নিশ্চিত গোলের প্রচেষ্টা রুখে দেন রম, আর শেষদিকে আরেকটি সুযোগ নষ্ট হয় কুরাসাওয়ের রক্ষণভাগের দৃঢ়তায়।
দুই ম্যাচ শেষে ইকুয়েডরের সংগ্রহ মাত্র এক পয়েন্ট। ফলে নকআউট পর্বে ওঠার আশা বাঁচিয়ে রাখতে শেষ ম্যাচে জার্মানির বিপক্ষে জয় ছাড়া বিকল্প নেই তাদের। অন্যদিকে, প্রথম বিশ্বকাপেই প্রথম পয়েন্ট অর্জন করে স্মরণীয় এক অধ্যায় রচনা করেছে কুরাসাও।