https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে সরকারি সফরে কুয়ালালামপুরে পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার স্থানীয় সময় রাত ৮টা ৪৫ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বিশেষ ফ্লাইট কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে অবতরণ করে। এ সময় তাকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার প্রদান করা হয়। আনুষ্ঠানিক গার্ড অব অনারের সময় দুই দেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মালয়েশিয়ার ধর্মমন্ত্রী জুলকিফলি হাসান এবং তাঁর সহধর্মিণী। উপস্থিত ছিলেন বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরীসহ কূটনৈতিক কর্মকর্তারা। পরে বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীকে বিশেষ মোটর শোভাযাত্রায় কুয়ালালামপুরের শাংগ্রি-লা হোটেলে নেওয়া হয়, যেখানে তিনি অবস্থান করবেন।
সরকারি সফরসূচি অনুযায়ী, সোমবার পুত্রাজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে প্রথমে একান্ত বৈঠক এবং পরে দুই দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে আলোচনা হবে। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন হওয়ার কথা রয়েছে।
সফরে দুই দেশের মধ্যে পর্যটন ও সংস্কৃতি খাতে সহযোগিতা বিষয়ে একাধিক সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের সম্ভাবনাও রয়েছে।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন কয়েকজন মন্ত্রী, উপদেষ্টা এবং উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা।
বাংলাদেশের সঙ্গে মালয়েশিয়ার অর্থনৈতিক ও শ্রম সহযোগিতা দীর্ঘদিনের হলেও এই সফরকে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে।