মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও দেশটির জনগণের আন্তরিক অভ্যর্থনা এবং উষ্ণ আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়ায় সংক্ষিপ্ত রাষ্ট্রীয় সফর শেষে এক বার্তায় তিনি দুই দেশের ঐতিহাসিক বন্ধুত্ব আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।
মঙ্গলবার (২৩ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর এই বার্তা প্রকাশ করে।
বার্তায় তারেক রহমান বলেন, তিনি এবং তার স্ত্রী ডা. জুবাইদা রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও তাঁর সহধর্মিণীর আন্তরিক অভ্যর্থনা ও আতিথেয়তায় গভীরভাবে অভিভূত।
তিনি বলেন, মালয়েশিয়া সরকার এবং দেশটির জনগণের আন্তরিক বন্ধুত্ব ও সৌহার্দ্যপূর্ণ আচরণ তাদের মুগ্ধ করেছে। প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে অনুষ্ঠিত আলোচনা বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ককে আরও দৃঢ় ভিত্তি দিয়েছে।
প্রধানমন্ত্রী স্মরণ করেন, বাংলাদেশের সঙ্গে মালয়েশিয়ার সম্পর্ক কয়েক দশকের পুরোনো। তাঁর ভাষায়, তাঁর বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময় থেকেই দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ধারাবাহিকভাবে আরও শক্তিশালী হয়েছে।
মালয়েশিয়ার রাজার সঙ্গে সাক্ষাতের সুযোগ পাওয়ায় কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ব্যস্ত সময়ের মধ্যেও সাক্ষাতের জন্য সময় দেওয়ায় তিনি বিশেষভাবে কৃতজ্ঞ।
তারেক রহমান বলেন, বাংলাদেশ মালয়েশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয়। দুই দেশের জনগণের মধ্যে দীর্ঘদিনের যোগাযোগ, শিক্ষা, ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারভিত্তিক সম্পর্ক এই বন্ধুত্বকে আরও গভীর করেছে।
প্রধানমন্ত্রী হিসেবে নিজের প্রথম রাষ্ট্রীয় সফরের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এই সফরের মাধ্যমে দুই দেশের বহুমাত্রিক অংশীদারত্বকে নতুন উচ্চতায় নেওয়ার সুযোগ তৈরি হয়েছে। আগামী দিনে মালয়েশিয়ার সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
সোমবার প্রায় ১৮ ঘণ্টার সংক্ষিপ্ত সফরে মালয়েশিয়ায় অবস্থান করেন প্রধানমন্ত্রী। সফরে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, শ্রমবাজার, শিক্ষা, সংস্কৃতি এবং আঞ্চলিক সহযোগিতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। সফর শেষে তিনি চীনের উদ্দেশে রওনা হন।

মন্তব্য করুন