ঢাকা
০৪ সেপ্টেম্বর ২০২৬

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
শুক্রবার, ২৬ জুন ২০২৬   ২৫ বার পঠিত
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

ছবি: -সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর চারদিনের চীন সফরের শেষ দিনে আজ চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেবেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, শুক্রবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় (বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টা) বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে প্রধানমন্ত্রী তারেক রহমান ও প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, চীনের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে আরও গতিশীল করতে ইতিবাচক ফলাফল অর্জনের প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

মাহদী আমিনের মতে, বাংলাদেশ-চীন সম্পর্ক আগামী দিনে আরও গভীর ও বহুমাত্রিক হবে। কৌশলগত সহযোগিতা, বাণিজ্য, বিনিয়োগ, কর্মসংস্থান, উন্নয়ন প্রকল্প এবং জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ—সব ক্ষেত্রেই দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

সফরের শেষ দিনে প্রধানমন্ত্রীর আরও কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে। এর মধ্যে সকালে জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটির চেয়ারম্যান ঝাও লেজির সঙ্গে সাক্ষাৎ এবং চীনের জাতীয় জাদুঘর পরিদর্শন উল্লেখযোগ্য।

চারদিনের সফর শেষে শুক্রবার বিকেল ৫টায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সফরসঙ্গীরা বেইজিং থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।

গত ২১ জুন প্রধানমন্ত্রী তাঁর প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া সফর করেন। পরে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠকে অংশ নিতে চীনের দালিয়ান শহরে যান। সেখানে দুই দিন বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পর বুধবার বেইজিংয়ে পৌঁছান তিনি।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, পানি সম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতসহ সরকারের ঊর্ধ্বতন প্রতিনিধি ও উপদেষ্টারা।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930